তারক হরি, পশ্চিম মেদিনীপুর: শীতের মরশুমে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মানবিক উদ্যোগ নিল মূলাজোড় আরোগ্য নিকেতন। সংস্থার উদ্যোগে ও পিংলা থানার সহযোগিতায় পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা মালিগ্রাম অঞ্চলের নয়াগ্রামের শবর পাড়া এলাকায় প্রায় ১০০ জন দুস্থ পরিবারের হাতে শীতবস্ত্র ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী তুলে দেওয়া হয়।এই কর্মসূচিতে প্রতিটি পরিবারকে কম্বল, মশারি ও চাদর, এবং ছোট শিশুদের জন্য নতুন জামাকাপড় দেওয়া হয়।
পাশাপাশি শিশুদের হাতে তুলে দেওয়া হয় চকলেট, কেক ও খাদ্যসামগ্রী, যা শীতের সকালে খুশির মুহূর্ত এনে দেয় শবর পাড়ায়।সংস্থার সভাপতি ঈশিতা চট্টোপাধ্যায় জানান,“আমরা উত্তর ২৪ পরগনার শ্যামনগরের একটি স্বেচ্ছাসেবী সংস্থা। আমাদের লক্ষ্য প্রত্যন্ত ও পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানো। বিশেষ করে শিশুদের জন্য কিছু করতে পারলে আমরা সবচেয়ে বেশি আনন্দ পাই।”তিনি আরও জানান, এই কর্মসূচি সফল করতে পিংলা থানার সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে।

বিশেষভাবে পাণ্ডে বাবু নামের এক পুলিশ আধিকারিক শুরু থেকে পাশে ছিলেন বলে কৃতজ্ঞতা জানান তিনি।শবর পাড়ার বাসিন্দাদের মতে, শীতের সময় এই সহায়তা তাঁদের কাছে বড় প্রাপ্তি। মানবিক এই উদ্যোগে খুশির হাওয়া বইছে গোটা এলাকাজুড়ে।