তারক হরি, পশ্চিম মেদিনীপুর :- পশ্চিম মেদিনীপুরের সবং সজনীকান্ত মহাবিদ্যালয়ে এক এনসিসি শিক্ষার্থীর ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। বৃহস্পতিবার রাতে কলেজের বাথরুম থেকে ওই ছাত্রের দেহ উদ্ধার করে পুলিশ। মৃতের নাম দ্বীপ মণ্ডল (১৮)। তাঁর বাড়ি নদিয়া জেলার হরিণঘাটা এলাকায়। জানা গিয়েছে, দ্বীপ মণ্ডল কলেজের এনসিসি-র সক্রিয় সদস্য ছিলেন। বৃহস্পতিবার রাতে কলেজের বাথরুমে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান অন্যান্য শিক্ষার্থীরা। খবর পেয়ে তাঁকে দ্রুত উদ্ধার করে সবং গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।
ঘটনার খবর পেয়ে সবং থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খড়্গপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত্যুর প্রকৃত কারণ জানতে সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে ব্যক্তিগত সম্পর্কজনিত কোনও কারণের সম্ভাবনাও তদন্তের আওতায় রাখা হয়েছে। তবে তদন্ত সম্পূর্ণ না হওয়া পর্যন্ত মৃত্যুর কারণ সম্পর্কে কোনও চূড়ান্ত মন্তব্য করতে নারাজ তদন্তকারীরা। এই ঘটনায় কলেজ চত্বরে শোকের ছায়া নেমে এসেছে। শিক্ষার্থী ও অধ্যাপকদের মধ্যেও গভীর উদ্বেগের সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখছে।