তারক হরি, পশ্চিম মেদিনীপুর কলকাতা গামী একটি প্রাইভেট গাড়িতে চলন্ত অবস্থায় আচমকা আগুন লেগে যাওয়ায় চাঞ্চল্য ছড়াল পশ্চিম মেদিনীপুরের ডেবরায়। চালকের তৎপরতায় গাড়িতে থাকা তিন যাত্রী ও তিনি নিজে নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হওয়ায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। শনিবার ভোর সাড়ে ৪টা নাগাদ বালিচক পিডব্লিউডি অফিস সংলগ্ন রাজ্য সড়কে ঘটনাটি ঘটে।জানা গিয়েছে, সবংয়ের দশগ্রাম এলাকা থেকে চারজন কলকাতার উদ্দেশে রওনা হয়েছিলেন।
পথ চলার সময় গাড়ি থেকে ধোঁয়া বের হতে দেখে চালক দ্রুত পরিস্থিতির গুরুত্ব বুঝে গাড়িটি রাস্তার ধারে থামিয়ে দেন। এরপর যাত্রীদের দ্রুত গাড়ি থেকে নামিয়ে দেওয়া হয়। কয়েক মুহূর্তের মধ্যেই আগুন পুরো গাড়িতে ছড়িয়ে পড়ে। দাউদাউ করে জ্বলতে থাকা গাড়িটি অল্প সময়ের মধ্যেই সম্পূর্ণ পুড়ে যায়।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও দমকলের একটি ইঞ্জিন। দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে ততক্ষণে গাড়িটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, যান্ত্রিক ত্রুটি অথবা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।