নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: বিদ্যালয়গুলিতে নানা শিক্ষামূলক ও সহশিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য প্রতি বছর বিভিন্ন নির্দেশিকা জারি করা হলেও বাস্তবে সেই কর্মসূচি রূপায়ণে আর্থিক সংকট ক্রমেই বাড়ছে বলে অভিযোগ উঠেছে। শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিংকর অধিকারী জানিয়েছেন, বিদ্যালয়ে এই ধরনের কর্মসূচির গুরুত্ব অস্বীকার করার উপায় নেই, কিন্তু গত কয়েক বছর ধরে কম্পোজিট গ্র্যান্ট বাড়ানো তো হয়ইনি, বরং তা কমিয়ে দেওয়া হয়েছে।তাঁর অভিযোগ, বিদ্যালয়ে ন্যূনতম কার্যক্রম চালাতেও যে অর্থের প্রয়োজন, বর্তমান বরাদ্দে তা জোগাড় করা কার্যত অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।
পাশাপাশি দীর্ঘদিন ধরে ছাত্রপিছু ভর্তি ফি মাত্র ২৪০ টাকাতেই আটকে রয়েছে, যা বর্তমান মূল্যবৃদ্ধির বাজারে সম্পূর্ণ অপর্যাপ্ত।এই পরিস্থিতিতে বিদ্যালয়গুলির উপর বাড়তি চাপ সৃষ্টি হচ্ছে বলে দাবি করেন তিনি। শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের পক্ষ থেকে অবিলম্বে সমস্ত বিদ্যালয়ে বকেয়া সহ সম্পূর্ণ কম্পোজিট গ্র্যান্ট মিটিয়ে দেওয়ার জোরালো দাবি জানানো হয়েছে। দাবি পূরণ না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে যাওয়ার ইঙ্গিতও দিয়েছে সংগঠনটি।