তারক হরি, পশ্চিম মেদিনীপুর গ্রীষ্মকালে রক্তের ঘাটতি মেটানো এবং থ্যালাসেমিয়ায় আক্রান্ত শিশুদের পাশে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরার বালিচকে আয়োজন করা হয় এক স্বেচ্ছায় রক্তদান উৎসবের। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস)-এর ডেবরা খণ্ডের সেবা বিভাগ এবং নেতাজি সুভাষ শাখা (বালিচক)-এর উদ্যোগে রবিবার ভজহরি বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এই রক্তদান শিবির।
অনুষ্ঠানের উদ্বোধনে উপস্থিত ছিলেন ডেবরার বিধায়ক শুভাশিস ওম। এছাড়াও উপস্থিত ছিলেন নেতাজি সুভাষ শাখার স্বয়ংসেবক সাধন মাইতি, অভিষেক জানা, গোপাল রাও, ডেবরা খণ্ডের কার্যবাহক শম্ভুচরণ অধিকারী, খণ্ডের শারীরিক প্রমুখ সঞ্জয় কুমার দাস, এবিভিপি মেদিনীপুর বিভাগের খেল ভারত প্রমুখ অর্পণ পাত্র-সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি। উদ্যোক্তাদের দাবি, এদিন প্রায় ১০০ জন স্বেচ্ছায় রক্তদান করেন।
প্রত্যেক রক্তদাতাকে একটি করে গাছের চারা এবং স্মারক উপহার দিয়ে সম্মান জানানো হয়। রক্তদানের পাশাপাশি পরিবেশ সংরক্ষণের বার্তা দিতেই এই উদ্যোগ বলে জানিয়েছেন আয়োজকরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ডেবরার বিধায়ক শুভাশিস ওম বলেন, “রক্তদান হলো মানবতার অন্যতম শ্রেষ্ঠ সেবা। একজন রক্তদাতার সামান্য উদ্যোগ কারও জীবনে নতুন আশার আলো এনে দিতে পারে।
বিশেষ করে থ্যালাসেমিয়ায় আক্রান্ত শিশুদের নিয়মিত রক্তের প্রয়োজন হয়। তাই সমাজের সকল সুস্থ মানুষের উচিত স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসা। পাশাপাশি গাছের চারা বিতরণের মাধ্যমে পরিবেশ রক্ষার যে বার্তা দেওয়া হয়েছে, তা অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ।”রক্তদান উৎসবকে ঘিরে এলাকায় উৎসাহের পরিবেশ লক্ষ্য করা যায়। সমাজসেবামূলক এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন উপস্থিত অতিথি ও সাধারণ মানুষ।