তারক হরি, পশ্চিম মেদিনীপুর :- পশ্চিম মেদিনীপুর জেলার বালিচকের ঐতিহ্যবাহী নবারুণ সংঘের ৬৬তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রবিবার নানা সামাজিক ও সাংগঠনিক কর্মসূচির আয়োজন করা হয়। এদিন ডেবরার বিধায়ক শুভাশিস ওমকে সংবর্ধনা জানানো হয়। পাশাপাশি জাতীয় পতাকা উত্তোলন এবং বৃক্ষরোপণ কর্মসূচিরও আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবারুণ সংঘের সদস্য-সদস্যারা, এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বহু স্থানীয় বাসিন্দা।
প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ক্লাব প্রাঙ্গণে উৎসবের আবহ লক্ষ্য করা যায়। সংবর্ধনা গ্রহণের পর বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক শুভাশিস ওম বলেন, “নবারুণ সংঘ দীর্ঘদিন ধরে খেলাধুলা, সংস্কৃতি এবং সমাজসেবামূলক নানা কর্মকাণ্ডের মাধ্যমে এলাকার মানুষের পাশে রয়েছে। একটি ক্লাব শুধু খেলাধুলার মধ্যেই সীমাবদ্ধ নয়, সমাজ গঠনের ক্ষেত্রেও তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আজকের বৃক্ষরোপণ কর্মসূচি পরিবেশ রক্ষার এক ইতিবাচক বার্তা বহন করছে।
আগামী দিনেও এই ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত থাকবে বলে আমি আশা করি।”অনুষ্ঠানের শেষে বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা দেওয়া হয়। ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, প্রতিষ্ঠা দিবসকে স্মরণীয় করে তুলতেই প্রতি বছর বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মসূচির আয়োজন করা হয়।