নিজস্ব সংবাদদাতা ,পশ্চিম মেদিনীপুর :- পশ্চিম মেদিনীপুরের ঘাটাল থানার প্রসাদচক গ্রামে এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক গৃহবধূ। বিদ্যুৎস্পৃষ্ট অবস্থায় স্ত্রীকে উদ্ধার করতে গিয়ে গুরুতর আহত হয়েছেন তাঁর স্বামী। ঘটনায় এলাকায় শোকের আবহ তৈরি হয়েছে।স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার ভোরে বাড়ির বাইরে ভিজে কাপড় শুকোতে দেওয়ার সময় হঠাৎ বিদ্যুতের সংস্পর্শে চলে আসেন ওই মহিলা। তিনি মাটিতে লুটিয়ে পড়লে তাঁর চিৎকার শুনে স্বামী ছুটে যান। স্ত্রীকে সরিয়ে আনার চেষ্টা করতে গিয়েই তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন।
পরিবারের সদস্য ও প্রতিবেশীরা দ্রুত দু’জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক গৃহবধূকে মৃত ঘোষণা করেন। আহত স্বামীর চিকিৎসা চলছে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, তাঁর অবস্থা উদ্বেগজনক। খবর পেয়ে ঘাটাল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। কীভাবে বিদ্যুৎ সংযোগের ফলে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি ঘটনাস্থলও পরীক্ষা করে দেখছেন তদন্তকারীরা। এই ঘটনায় গোটা গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, বর্ষার সময় বিদ্যুৎ নিরাপত্তা নিয়ে আরও সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন, যাতে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়ানো যায়।