নিজস্ব প্রতিনিধি,পশ্চিম মেদিনীপুর: দাসপুর থানার ধর্মা এলাকায় বাড়ির ছাদ থেকে পড়ে মর্মান্তিক ভাবে মৃত্যু হলো চার বছরের শিশু অর্ক হাজরার। শিশুটির বাবার নাম কমল হাজরা। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে সমগ্র এলাকায়।স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল প্রায় আটটা নাগাদ বাড়িতে কেউ না থাকায় ছোট্ট অর্ক একাই ছাদের উপর খেলছিল। সেই সময়ই অসাবধানতাবশত পা পিছলে নিচে পড়ে যায় সে। পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে অর্কের কান্নার শব্দ শুনে পাশের বাড়ির এক মহিলা দৌড়ে এসে তাকে উদ্ধার করেন।
প্রথমে তাকে স্থানীয় ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় তড়িঘড়ি পাঁশকুড়ার পিতপুর হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখান থেকে আরও গুরুতর অবস্থায় শিশুটিকে কলকাতার পিজি হাসপাতালে পাঠানো হয়। তবে শেষ পর্যন্ত চিকিৎসকদের সমস্ত চেষ্টা ব্যর্থ করে আজ সকালে মৃত্যু হয় অর্কের।পরিবার সূত্রে জানা গেছে, অর্ক দুই ভাইয়ের মধ্যে সবচেয়ে ছোট। তার বাবা কমল হাজরা কর্মসূত্রে বোম্বাইয়ে জরির কাজ করেন। দূরে থাকার কারণে ছেলের জীবন সংগ্রামের শেষ মুহূর্তেও পাশে থাকতে পারেননি তিনি।এই মর্মান্তিক ঘটনায় গোটা ধর্মা গ্রামে নেমে এসেছে গভীর শোকের ছায়া।