নিজস্ব প্রতিনিধি,পশ্চিম মেদিনীপুর : মেদিনীপুর শহরের উপকণ্ঠে আবারও সামনে এলো সন্দেহভাজন বাংলাদেশি হিন্দু শরণার্থীদের বসতি। হঠাৎপল্লী ঘটনার পর এবার নজর খয়রুল্লা উত্তরপাড়া এলাকায়। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, ২০০৫ সাল থেকে ধীরে ধীরে গড়ে উঠেছে এই বস্তি–সদৃশ আবাসন, যেখানে এখন বসবাস করছেন প্রায় ৫০ থেকে ৬০টি পরিবার।বাসিন্দাদের বক্তব্য, বাংলাদেশে ধর্মীয় উত্পীড়ন ও নিরাপত্তাহীনতার কারণে বাধ্য হয়েই তাঁরা সীমান্ত পেরিয়ে ভারতে আশ্রয় নেন।
অনেকেই দালালচক্রের মাধ্যমে কয়েক হাজার টাকার বিনিময়ে সীমান্ত অতিক্রম করেছিলেন বলেও দাবি করেছেন।প্রায় দুই দশক ধরে এখানে সেটেলমেন্ট গড়ে ওঠার পরও তাঁদের নাগরিকত্বের প্রশ্ন অমীমাংসিত রয়ে গেছে। কেউই ২০০২ সালের ভোটার তালিকার নথিতে ছিলেন না—এই তথ্য প্রকাশ্যে আসতেই এলাকায় ছড়িয়েছে উদ্বেগ। যদিও প্রত্যেক পরিবারের কাছে নির্বাচন কমিশনের এনুমারেশন ফর্ম পৌঁছে গেছে বলে জানা গেছে।
একজন শরণার্থীর কথায়—“ওপারে বাঁচা দায় হয়ে গিয়েছিল। এখানে অন্তত শান্তিতে থাকছি। এখন শুধু চাই সরকারের স্বীকৃতি।”এদের আশা, সিএএ কার্যকর হলে তাঁদের ভবিষ্যৎ অনিশ্চয়তা কাটবে এবং দীর্ঘদিনের আইনি জটিলতার শেষ হবে।স্থানীয় মহলের মত, প্রশাসনের তরফে দ্রুত পরিষ্কার ব্যাখ্যা না এলে পরিস্থিতি ঘিরে আরও বিভ্রান্তি তৈরি হতে পারে।