নিজস্ব প্রতিনিধি, দাসপুর :পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার রাজনগর এলাকায় কীটনাশক খেয়ে মৃত্যু হলো এক যুবকের। মৃতের নাম বরুণ পণ্ডিত (৩৫), বাবা রামকৃষ্ণ পণ্ডিত। স্থানীয় সূত্রে জানা গেছে, বরুণ তিন ভাইয়ের মধ্যে মেজ। অবিবাহিত এই যুবক মানসিকভাবে কিছুটা অবসাদগ্রস্ত ছিলেন এবং টাকা-পয়সা নিয়ে নানা দুশ্চিন্তায় ভুগতেন। পেশায় তিনি পিয়াজ ব্যবসায়ী ছিলেন।বৃহস্পতিবার ভোরে আচমকাই তিনি কীটনাশক খেয়ে ফেলেন বলে পরিবার সূত্রে জানা যায়।
অসুস্থ অবস্থায় প্রথমে তাঁকে ঘাটাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে মেদিনীপুর মেডিক্যাল কলেজে রেফার করা হয়। দীর্ঘ চেষ্টা সত্ত্বেও শেষরক্ষা হয়নি। শুক্রবার ভোর সাড়ে ছ’টা নাগাদ হাসপাতালেই তাঁর মৃত্যু হয়।অপ্রত্যাশিত এই মৃত্যুকে কেন্দ্র করে রাজনগর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারে শোকাতুর পরিবেশ।