সংবাদ জনকন্ঠ ডেস্ক : নদিয়ার তাহেরপুরে শনিবার ভোরে এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ গেল তিনজনের। আহত হয়েছেন আরও একজন। সূত্রের খবর, এদিন সকালে তাহেরপুর রেল স্টেশন সংলগ্ন এলাকায় রেল লাইনের পাশে প্রাতঃকৃত করতে গিয়েছিলেন কয়েকজন ব্যক্তি। সেই সময় আচমকাই একটি দ্রুতগামী ট্রেন এসে পড়লে তারা ট্রেনের ধাক্কায় গুরুতর জখম হন।ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয় বলে জানা গেছে।
আহত ব্যক্তিকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মৃত ও আহত সকলেই মুর্শিদাবাদ জেলার বাসিন্দা। তাঁরা এদিন তাহেরপুরে অনুষ্ঠিত হতে চলা নরেন্দ্র মোদি-র সভায় যোগ দিতে এসেছিলেন।প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, শৌচকর্মের জন্য রেল লাইনের ধারে যাওয়ার কারণেই এই দুর্ঘটনা ঘটে। ঘটনার খবর পেয়ে কৃষ্ণনগর জিআরপি ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের প্রস্তুতি শুরু করেছে।প্রধানমন্ত্রীর সভা শুরুর আগেই এই মর্মান্তিক ঘটনায় গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। ঘটনার তদন্ত শুরু করেছে রেল পুলিশ ও স্থানীয় প্রশাসন।