এিদিব ঘোষ পূর্ব বর্ধমান,পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরে এক পণ্যবাহী ট্রাককে ঘিরে চাঞ্চল্যকর ঘটনার সাক্ষী থাকল সগড়ভাঙা কলোনি এলাকা। অভিযোগ, একটি ট্রাকে ব্যবহৃত হচ্ছিল মোট তিনটি নম্বর প্লেট—যার মধ্যে একটি বৈধ এবং বাকি দুটি অবৈধ। দুর্গাপুরের ২৯ নম্বর ওয়ার্ডের গোলপার্ক এলাকায় এই ঘটনা ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।স্থানীয় সূত্রে জানা যায়, গোলপার্ক সংলগ্ন এলাকায় একাধিক কারখানা থাকায় প্রতিদিনই ভারী যান চলাচল লেগেই থাকে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বেপরোয়া গতিতে পণ্যবাহী ট্রাক চলাচলের ফলে সাধারণ মানুষের প্রাণনাশের আশঙ্কা বাড়ছে। কলোনির বাসিন্দা বিকাশ ঘটক লক্ষ্য করেন, এক ট্রাক চালক গোপনে নম্বর প্লেট বদলে অন্য একটি নম্বর লাগাচ্ছে, যা আবার ভিন রাজ্যের। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় স্থানীয়রা সঙ্গে সঙ্গে চালককে হাতেনাতে ধরে ফেলেন। চালক পালানোর চেষ্টা করলে উত্তেজিত জনতা তাকে আটকে রাখে।
স্থানীয়দের প্রশ্ন—একটি ট্রাকের তিনটি নম্বর কীভাবে সম্ভব?
জিজ্ঞাসাবাদে ট্রাক চালক ফাইন্যান্স সংক্রান্ত ঝামেলা এড়াতেই এই ধরনের কাজ করেছেন বলে স্বীকার করেন বলে দাবি।খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় কোকওভেন থানার পুলিশ ও মুচিপাড়া সাব-ট্রাফিক গার্ডের আধিকারিকরা। উত্তেজিত জনতার হাত থেকে ট্রাক চালককে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়। এক ট্রাফিক আধিকারিক জানান, “এই ধরনের বেআইনি কাজ সম্পূর্ণ অনুচিত।”ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজাও। বিজেপি নেতৃত্বের অভিযোগ, নির্বাচনের আগে পুলিশকে সামনে রেখে টাকা তোলার কৌশল চলছে শাসক দলের। পাল্টা প্রতিক্রিয়ায় জেলা তৃণমূল নেতৃত্ব জানায়, “আইন তার নিজের পথেই চলবে। বিজেপির জ্ঞান দেওয়ার প্রয়োজন নেই।”এই ঘটনায় গোটা দুর্গাপুরের সগড়ভাঙা কলোনি এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। শহরের রাস্তায় কীভাবে একই ট্রাক একাধিক নম্বর নিয়ে দিব্যি চলাচল করছে, তা নিয়ে উঠছে গুরুতর প্রশ্ন।