নিজস্ব প্রতিনিধি,পশ্চিম মেদিনীপুর: পুরুলিয়া থেকে দলীয় কর্মসূচি শেষ করে ফেরার পথে শনিবার গভীর রাতে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় চাঞ্চল্যকর ঘটনার অভিযোগ উঠল। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়ের উপর বাঁশ ও লাঠি নিয়ে ভয়াবহ হামলা চালানো হয়েছে বলে অভিযোগ বিজেপির। দলের দাবি, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই এই হামলার পিছনে রয়েছে এবং গোটা ঘটনাটি ঘটেছে পুলিশি উপস্থিতির মধ্যেই।বিজেপি সূত্রে জানানো হয়েছে, চন্দ্রকোনার নির্দিষ্ট এলাকায় কনভয় পৌঁছাতেই আচমকা একদল দুষ্কৃতী বাঁশ-লাঠি নিয়ে আক্রমণ চালায়। কনভয়ের গাড়িগুলিকে লক্ষ্য করে চলে ভাঙচুরের চেষ্টা।
এই ঘটনায় বিজেপি কর্মীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। অভিযোগ, ঘটনাস্থলে পুলিশ থাকলেও কার্যত নীরব দর্শকের ভূমিকা পালন করেছে।এই ঘটনার তীব্র প্রতিবাদে শনিবার রাতেই সরাসরি চন্দ্রকোনা থানায় পৌঁছান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। থানার ভিতরেই মেঝেতে বসে ধর্না অবস্থানে বসেন তিনি। পুলিশের ভূমিকার কড়া সমালোচনা করে শুভেন্দু অধিকারী বলেন, রাজ্যে আইনের শাসন সম্পূর্ণ ভেঙে পড়েছে এবং পুলিশ শাসকদলের ক্যাডারে পরিণত হয়েছে।ধর্না অবস্থান থেকেই চন্দ্রকোনা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন বিরোধী দলনেতা।

অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি। একই সঙ্গে ‘মমতা-পুলিশ’কে চরম হুঁশিয়ারি দিয়ে শুভেন্দু অধিকারী বলেন, রাজনৈতিক সন্ত্রাসের পথ বেছে নিয়ে বিজেপির কণ্ঠরোধ করা যাবে না। বিজেপি কর্মীদের উপর হামলা চললে আরও বৃহত্তর আন্দোলনের পথে যাবে দল।ঘটনাকে কেন্দ্র করে চন্দ্রকোনা ও আশপাশের এলাকায় রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে। বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে ক্ষোভ তুঙ্গে।