তারক হরি, পশ্চিম মেদিনীপুর:পশ্চিম মেদিনীপুরের শালবনি ব্লকে ফের বেহাল রাস্তার জেরে বড়সড় দুর্ঘটনা। শনিবার সকালে ভাদুতলা–লালগড় রাজ্য সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল একটি যাত্রীবাহী বাস। তাতে আহত হলেন বহু যাত্রী। গুরুতর পাঁচজনকে মেদিনীপুর মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকাল প্রায় দশটা নাগাদ মেদিনীপুর থেকে লালগড়গামী বাসটি পিড়াকাটা সংলগ্ন ভাতমোড় অঞ্চলে ঢুকতেই তীব্র ধাক্কা খেয়ে একপাশে উল্টে পড়ে। বাসে তখন ৪০–৪৫ জন যাত্রী ছিলেন। আচমকা দুর্ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়।দুর্ঘটনার পরই স্থানীয় মানুষজন ছুটে এসে উদ্ধারকাজ শুরু করেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পিড়াকাটা ফাঁড়ির পুলিশ ও শালবনি থানা।
আহতদের প্রত্যেককে চিকিত্সার জন্য হাসপাতালে পাঠানো হয়।উল্লেখযোগ্য বিষয়—ঠিক আগের দিনই রাস্তার বেহাল অবস্থার বিরুদ্ধে সরব হয়েছিলেন এলাকাবাসী। তাঁদের অভিযোগ, দীর্ঘদিন ধরে রাস্তার অবস্থা শোচনীয়। ড্রেন নেই, খাদে ভরা রাস্তা, আর তার ওপর দ্রুতগতির যান—দুর্ঘটনা হওয়ার আশঙ্কা প্রতিনিয়ত বাড়ছে।স্থানীয়দের ক্ষোভ—“প্রশাসন চোখ খুলবে কবে? মানুষের প্রাণহানি হলে? আজকে বাস উল্টেছে, কাল কে জানে আরও বড় কিছু না ঘটে!”দুর্ঘটনার কারণ হিসাবে প্রাথমিকভাবে রাস্তার বিপজ্জনক গর্ত আর অসমতল অংশকেই দায়ী করছেন পুলিশ ও স্থানীয়রাই। পুরো ঘটনার তদন্ত চলছে।