তারক হরি, পশ্চিম মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুর জনশিক্ষা প্রসার দপ্তরের ব্যবস্থাপনায় রবিবার মেদিনীপুরের জেলা পরিষদের প্রদ্যোত স্মৃতি সদন প্রাঙ্গণে অনুষ্ঠিত হল পশ্চিমবঙ্গ জনশিক্ষা প্রসার দপ্তরের অধীনস্থ কল্যাণ আবাসগুলির ‘আঞ্চলিক স্তরের সাংস্কৃতিক প্রতিযোগিতা–২০২৬’।এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম ও পশ্চিম মেদিনীপুর—এই আটটি জেলার মোট ১২টি কল্যাণ আবাসের প্রায় ২৫০ জন আবাসিক। সকাল থেকেই অনুষ্ঠান প্রাঙ্গণে ছিল উৎসবমুখর পরিবেশ।
অনুষ্ঠানের সূচনা হয় একটি বর্ণাঢ্য পদযাত্রার মাধ্যমে। এরপর শুরু হয় বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা। প্রতিযোগিতার বিভাগগুলির মধ্যে ছিল বসে আঁকো, দলগত লোকনৃত্য এবং একাঙ্ক নাটক। আবাসিকদের পরিবেশনায় ফুটে ওঠে গ্রামীণ সংস্কৃতি, লোকজ ভাবনা ও সামাজিক বার্তা, যা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।অনুষ্ঠানে জেলা প্রশাসনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন মেদিনীপুরের বিধায়ক সুজয় হাজরা, অতিরিক্ত জেলাশাসক সন্দীপ টুডু, জেলা জনশিক্ষা প্রসার আধিকারিক তপু বসু সহ অন্যান্য আধিকারিকরা।

তাঁরা প্রতিযোগীদের উৎসাহিত করেন এবং এই ধরনের সাংস্কৃতিক উদ্যোগ কল্যাণ আবাসিকদের প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে মত প্রকাশ করেন।অনুষ্ঠান ঘিরে আবাসিকদের মধ্যে যে উদ্দীপনা ও উত্তেজনা ছিল, তা চোখে পড়ার মতো। অংশগ্রহণকারীরা জানান, এই ধরনের প্রতিযোগিতা তাঁদের আত্মবিশ্বাস বাড়ায় এবং নিজেদের প্রতিভা প্রকাশের সুযোগ এনে দেয়।সামগ্রিকভাবে, এ দিনের অনুষ্ঠানটি কল্যাণ আবাসিকদের শিল্প–সংস্কৃতির বিকাশে এক গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে উঠল।