তারক হরি, পশ্চিম মেদিনীপুরঃ রবিবার পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের তেমাথানী বাজারে পাল গেস্ট হাউসে অনুষ্ঠিত হল শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির উদ্যোগে এক রক্তদান শিবির।সংগঠনের সদস্যরা জানিয়েছেন, শিক্ষার পাশাপাশি সমাজের প্রতি দায়বদ্ধতার জায়গা থেকেও শিক্ষানুরাগী ঐক্যমঞ্চ সবসময় সামাজিক উদ্যোগে অংশগ্রহণ করে থাকে। তারই অঙ্গ হিসাবে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে।চাষের মরশুমে রক্তের সংকট দেখা দেয় হাসপাতালে। কৃষক সমাজ তখন ব্যস্ত থাকেন মাঠে, ফলে রক্তদান শিবিরের আয়োজন কমে যায়। তাই শিক্ষক সমাজের পক্ষ থেকে এই সময়টিকেই বেছে নেওয়া হয়েছে বলে জানান সংগঠনের নেতৃত্ব।এই দিনে মোট ৩৪ জন রক্তদাতা রক্তদান করেন। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী দিনেও এ ধরনের মানবিক কর্মকাণ্ড অব্যাহত থাকবে।

শিবিরে উপস্থিত ছিলেন শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের রাজ্য সম্পাদক কিংকর অধিকারী, জেলা সম্পাদক রাধাপদ দাস, সভাপতি সায়ন্তন অগস্তি, সহ সভাপতি তুহিন শুভ্র ত্রিপাঠী, সহ সম্পাদক তপন কুমার সাহু, এবং বিশিষ্ট শিক্ষক সৌরভ নায়েক, বিশ্বনাথ প্রধান-সহ বহু শিক্ষক-শিক্ষিকারা।শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের রাজ্য সম্পাদক কিংকর অধিকারী বলেন, “শিক্ষক সমাজ শুধু পাঠশালার গণ্ডিতে সীমাবদ্ধ নয়, সমাজের প্রতিটি প্রয়োজনে আমরা পাশে থাকতে চাই। আজকের এই রক্তদান শিবির তারই প্রতীক। আমাদের প্রত্যেকের মানবিক দায়িত্ব রয়েছে—যেখানে প্রয়োজন, সেখানে এগিয়ে যাওয়া।ভবিষ্যতেও শিক্ষানুরাগী ঐক্যমঞ্চ সমাজের কল্যাণে এমন নানা উদ্যোগ গ্রহণ করবে। শিক্ষা, স্বাস্থ্য ও মানবিকতার এই পথেই আমরা এগিয়ে যেতে চাই।”