নিজস্ব প্রতিনিধি, পূর্ব মেদিনীপুরঃ একটি পরিবারের আনন্দময় জীবনে নামল শোকের ঘনঘটা। ছেলের মৃত্যুশোকে তিনতলা বাড়ি থেকে ঝাঁপ দিয়ে প্রাণ হারালেন মা। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট বিট হাউস থানার অন্তর্গত রাইন গ্রামে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম শুভাদ্রি বৈদ্য (২১)। কলেজ পড়ুয়া এই যুবক বৃহস্পতিবার দুপুরে আচমকা বাড়ির ভেতর পড়ে যান। পরিবারের দাবি, তিনি সেরিব্রাল হার্ট অ্যাটাকে আক্রান্ত হন। দ্রুত কোলাঘাটের পাইকপাড়ি ব্লক হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।শুভাদ্রির বাবা রমেশ বৈদ্য পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের ডিস্ট্রিক্ট এনফোর্সমেন্ট ব্রাঞ্চ (DEB)-এ কর্মরত। শুভাদ্রির মৃত্যুর পর তাঁর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয় তমলুকের তাম্রলিপ্ত মেডিকেল কলেজে। রাত সাড়ে আটটা নাগাদ মৃতদেহ বাড়িতে আনা হলে শোকের মাতম শুরু হয়।ঠিক সেই সময়েই ঘটে মর্মান্তিক ঘটনা। শুভাদ্রির মা মানসী বৈদ্য শোক সহ্য করতে না পেরে সবার অজান্তে তিনতলা বাড়ি থেকে নিচে ঝাঁপ দেন। গুরুতর আহত অবস্থায় তাঁকে দ্রুত মেচেদার একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

এই হৃদয়বিদারক ঘটনায় গোটা এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। স্থানীয় বাসিন্দাদের কথায়, “একসঙ্গে মা-ছেলের মৃত্যু যেন এক দুঃস্বপ্ন। সারা গ্রাম আজ শোকে স্তব্ধ।”পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত মানসী বৈদ্যের দেহও আজ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে তমলুকের তাম্রলিপ্ত মেডিকেল কলেজে।একদিনে মা ও ছেলের মৃত্যু— রাইন গ্রামে নেমে এসেছে অশ্রু ও অবিশ্বাসের কালো ছায়া।