সংবাদ জনকন্ঠ ডেস্ক:যুবভারতী ক্রীড়াঙ্গনে লিওনেল মেসিকে ঘিরে সৃষ্ট নজিরবিহীন বিশৃঙ্খলার ঘটনায় এবার প্রশাসনিক স্তরে বড়সড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রীর নির্দেশে গঠিত অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম কুমার রায়ের নেতৃত্বাধীন তদন্ত কমিটি রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার-সহ প্রশাসনের তিন শীর্ষ আধিকারিককে শোকজ নোটিস পাঠিয়েছে।তদন্ত কমিটির তরফে জানানো হয়েছে, ঘটনার দিন নিরাপত্তা ও ব্যবস্থাপনায় গুরুতর গাফিলতির অভিযোগে আগামী ২৪ ঘণ্টার মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে হবে সংশ্লিষ্ট আধিকারিকদের। শোকজ নোটিসের আওতায় রয়েছেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, বিধাননগর পুলিশ কমিশনার মুকেশ কুমার এবং ক্রীড়া দফতরের প্রধান সচিব রাজেশ কুমার সিনহা।
শুধু শোকজেই থেমে থাকেনি প্রশাসন। কর্তব্যে চরম অবহেলার অভিযোগে যুবভারতী ক্রীড়াঙ্গনের সিইও তথা অবসরপ্রাপ্ত ডব্লিউবিসিএস অফিসার দেবকুমার নন্দনকে তাৎক্ষণিকভাবে পদ থেকে অপসারণ করা হয়েছে। পাশাপাশি, ডিসিপি অনীশ সরকারের বিরুদ্ধে শুরু হয়েছে বিভাগীয় তদন্ত।ঘটনার দিন কেন ভিড় নিয়ন্ত্রণ সম্পূর্ণভাবে ব্যর্থ হলো, কেন হাজার হাজার দর্শক চরম ভোগান্তির শিকার হলেন—এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজতেই রাজ্য সরকার গঠন করেছে একটি বিশেষ তদন্তকারী দল (SIT)। আইপিএস পীযূষ পাণ্ডে, জাভেদ শামিম, সুপ্রতীম সরকার এবং মুরলীধরের মতো অভিজ্ঞ আধিকারিকদের নিয়ে গঠিত এই সিট দ্রুত পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দেবে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।
প্রশাসনিক মহলের মতে, তদন্ত কমিটির কাছে শীর্ষ আধিকারিকদের জবাবের উপর ভিত্তি করেই ঠিক হবে পরবর্তী আইনি ও শাস্তিমূলক পদক্ষেপ। আন্তর্জাতিক মানের একটি ইভেন্টে এমন বিশৃঙ্খলা রাজ্যের ভাবমূর্তিতে বড় আঘাত বলেই মনে করছে নবান্ন।