ত্রিদিব ঘোষ,পূর্ব বর্ধমান: পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী ১ নম্বর ব্লকে একাধিক জনমুখী প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন এলাকার বিধায়ক ও রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। বৃহস্পতিবার সমুদ্রগড় গ্রাম পঞ্চায়েতের মোল্লার বিল প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ প্রকল্পের মোট ৭৮টি কাজের শিলান্যাস করেন তিনি।এই পর্যায়ে মোট ব্যয় ধরা হয়েছে ১ কোটি ১ লক্ষ টাকারও বেশি।
বিভিন্ন গ্রামাঞ্চলের রাস্তাঘাট, নিকাশি ব্যবস্থা, আলোবাতি, পুকুর সংস্কারসহ নানান উন্নয়নমূলক উদ্যোগ এতে অন্তর্ভুক্ত রয়েছে।অনুষ্ঠানে উপস্থিত থেকে মন্ত্রী স্বপন দেবনাথ জানান, স্থানীয় মানুষের দীর্ঘদিনের দাবি ও সমস্যা মাথায় রেখেই এই প্রকল্পগুলি একসঙ্গে শুরু করা হচ্ছে। মানুষের দোরগোড়ায় উন্নয়ন পৌঁছে দিতেই রাজ্য সরকারের এই উদ্যোগ।স্থানীয় বাসিন্দাদের উপস্থিতিতে জমজমাট হয়ে ওঠে উদ্বোধনী অনুষ্ঠান। প্রকল্প বাস্তবায়নের কাজ দ্রুত শুরু হওয়ার আশায় খুশি এলাকাবাসী।