তারক হরি, পশ্চিম মেদিনীপুর:পশ্চিম মেদিনীপুরের পিংলা থানার বড়িষা এলাকা গভীর রাতে আগুন আতঙ্কে চাঞ্চল্য ছড়ায় । বৃহস্পতিবার রাত প্রায় সাড়ে বারোটার কিছু পরেই আচমকা আগুন লেগে সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় এলাকার একটি বেকারি।স্থানীয় সূত্রে জানা যায়, রাতের অন্ধকারে বাড়ি ফেরার পথে এক স্থানীয় বাসিন্দা প্রথম ধোঁয়া বেরোতে দেখেন বেকারির ভেতর থেকে। মুহূর্তের মধ্যেই ধোঁয়া ঘনীভূত হয়ে আগুনের রূপ নেয়। তিনি চিৎকার করে প্রতিবেশীদের ডাকেন এবং পুলিশকে খবর দেন।খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় পিংলা থানার পুলিশ।
কিছু ক্ষণের মধ্যেই দমকলের একটি ইঞ্জিন আসে এবং আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু হয়। প্রায় এক ঘণ্টার তৎপরতার পর আগুন নিভলেও তার আগেই সম্পূর্ণ ছাই হয়ে যায় বেকারিটি।বেকারির মালিকের দাবি, দোকানের ভিতরে রাখা দাহ্য পদার্থ—ঘি, তেল সহ অন্যান্য সামগ্রীর কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। তবে শর্ট সার্কিট নাকি অন্য কোনও কারণে আগুন লাগল, তা এখনও নিশ্চিত নয়। দমকল ও পুলিশ যৌথভাবে ঘটনার কারণ অনুসন্ধান শুরু করেছে।
যদিও কোনো প্রাণহানি হয়নি, কিন্তু আর্থিক ক্ষতির পরিমাণ বেশ বড় বলেই জানা গেছে। ঘটনাকে কেন্দ্র করে পিংলার বড়িষা এলাকায় ছড়িয়েছে ব্যাপক চাঞ্চল্য।