তারক হরি, পশ্চিম মেদিনীপুরপশ্চিম মেদিনীপুর জেলার পিংলা থানার অন্তর্গত করকাই চার নম্বর অঞ্চলের করকাই বাজারে শুক্রবার সকাল থেকেই ক্ষোভের আগুন জ্বলে উঠল। এগারোমাইল থেকে বলপাই পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ গুরুত্বপূর্ণ এই রাস্তাটির বেহাল দশা দীর্ঘদিন ধরেই নিত্যযাত্রীদের দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। সম্প্রতি রাস্তার সংস্কারের কাজ শুরু হলেও তা মাঝপথে বন্ধ হয়ে যাওয়ায় চরম অসন্তোষ তৈরি হয় স্থানীয় বাসিন্দাদের মধ্যে।এলাকাবাসীদের অভিযোগ, রাস্তার উপর ছড়িয়ে থাকা খোয়া ও গুটি প্রতিদিনই দুর্ঘটনার আশঙ্কা বাড়াচ্ছে। স্কুলপড়ুয়া ছাত্রছাত্রী থেকে শুরু করে কর্মসূত্রে যাতায়াতকারী মানুষ—সকলকেই জীবনের ঝুঁকি নিয়ে এই রাস্তা ব্যবহার করতে হচ্ছে।
অনেক সময় সাইকেল ও মোটরবাইক পিছলে পড়ে গিয়ে আহত হওয়ার ঘটনাও ঘটছে বলে দাবি স্থানীয়দের।এই পরিস্থিতির প্রতিবাদে শুক্রবার সকাল আটটা নাগাদ করকাই বাজার এলাকায় রাস্তার উপর দড়ি বেঁধে পথ অবরোধে শামিল হন এলাকার মানুষজন। প্রায় দু’ঘণ্টা ধরে সম্পূর্ণ বন্ধ হয়ে যায় যান চলাচল। রাস্তার দু’পাশে দাঁড়িয়ে পড়ে একাধিক গাড়ি, চরম ভোগান্তিতে পড়েন সাধারণ পথচারীরা। অবরোধ চলাকালীন এলাকা জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে।খবর পেয়ে পিংলা থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।
পুলিশের সঙ্গে অবরোধকারীদের দীর্ঘ আলোচনা হয়। পুলিশ প্রশাসনের তরফে আশ্বাস দেওয়া হয়, খুব শীঘ্রই রাস্তার সংস্কার কাজ নতুন করে শুরু করা হবে। সেই আশ্বাসের ভিত্তিতেই দু’ঘণ্টা পর অবরোধ তুলে নেন এলাকাবাসীরা।ঘটনা প্রসঙ্গে করকাই চার নম্বর অঞ্চল প্রধান সৌদামিনী বেরা প্রামাণিক জানান,“কয়েকদিন আগেই রাস্তার কাজ শুরু হয়েছিল। কিছু প্রশাসনিক ও কারিগরি সমস্যার কারণে আপাতত কাজ বন্ধ রয়েছে। বিষয়টি আমরা ইতিমধ্যেই বিডিওকে জানিয়েছি। আশা করছি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নেবেন এবং রাস্তার কাজ ফের শুরু হবে।”তবে স্থানীয়দের স্পষ্ট হুঁশিয়ারি, আশ্বাসে আর ভরসা নেই। খুব দ্রুত কাজ শুরু না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটতে বাধ্য হবেন তাঁরা।