তারক হরি, পশ্চিম মেদিনীপুর: কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের সাম্প্রতিক নির্দেশিকার প্রেক্ষিতে নন-TET শিক্ষক-শিক্ষিকাদের ভবিষ্যৎ ও রাজ্যের অবস্থান স্পষ্ট করার দাবিতে রাজ্য সরকারের শীর্ষ মহলে আবেদন জানাল শিক্ষানুরাগী ঐক্য মঞ্চ। সংগঠনের পক্ষ থেকে পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী, শিক্ষা দপ্তরের প্রধান সচিব, কমিশনার অফ স্কুল এডুকেশন, পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ ও প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতির কাছে এই আবেদনপত্র জমা দেওয়া হয়েছে।
আবেদনে উল্লেখ করা হয়েছে, ভারত সরকারের শিক্ষা মন্ত্রকের ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখের নির্দেশিকায় সুপ্রিম কোর্টের রায়ের প্রেক্ষিতে বিভিন্ন রাজ্যের নন-TET শিক্ষক-শিক্ষিকাদের তথ্য ও মতামত চাওয়া হয়েছে। এই বিষয়টি নিয়ে রাজ্যের হাজার হাজার শিক্ষক-শিক্ষিকার মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে বলে দাবি সংগঠনের।শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের বক্তব্য, Right to Education Act, 2009 কার্যকর হওয়ার আগে বিজ্ঞপ্তি জারি করে যেসব শিক্ষক-শিক্ষিকা নিয়োগপ্রাপ্ত হয়েছেন, তাঁরা আইনত ও নৈতিকভাবে TET পরীক্ষার বাধ্যবাধকতার বাইরে।
অনেক ক্ষেত্রে নিয়োগ বিজ্ঞপ্তি RTE আইনের আগে প্রকাশিত হলেও প্রশাসনিক ও আইনি জটিলতায় নিয়োগ কার্যকর হয়েছে বহু বছর পরে। এটি শিক্ষক-শিক্ষিকাদের দোষে নয়, ফলে তাঁদের নন-TET হিসেবে চিহ্নিত করা অন্যায্য বলে সংগঠনের দাবি।সংগঠনের পক্ষ থেকে আরও বলা হয়েছে, কেন্দ্রের কাছে তথ্য পাঠানোর সময় পশ্চিমবঙ্গ সরকার যেন RTE Act-এর পূর্ববর্তী বিজ্ঞপ্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত কোনও শিক্ষক-শিক্ষিকার নাম নন-TET তালিকায় না পাঠায়। তা না হলে দীর্ঘদিন ধরে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনকারী শিক্ষক-শিক্ষিকারা অযথা মানসিক চাপ, আর্থিক অনিশ্চয়তা ও চাকরির ঝুঁকির মুখে পড়তে পারেন, যা রাজ্যের শিক্ষা ব্যবস্থার পক্ষে ক্ষতিকর।শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিংকর অধিকারীর স্বাক্ষরিত আবেদনে রাজ্য সরকারের কাছে শিক্ষকস্বার্থে সংবেদনশীল, আইনসম্মত ও সুস্পষ্ট অবস্থান গ্রহণের আহ্বান জানানো হয়েছে।