আন্তর্জাতিক যোগাসনে সোনা জিতে বাড়ি ফিরল পিংলার সনম, বালিচকে বর্ণাঢ্য সংবর্ধনা

এখনই শেয়ার করুন

শুভ চক্রবর্তী, পশ্চিম মেদিনীপুর

আন্তর্জাতিক মঞ্চে দেশের হয়ে সাফল্য অর্জন করে এবার ঘরের মাটিতে ফিরল পিংলার খুদে যোগাসন প্রতিভা সনম খাতুন। থাইল্যান্ডের ব্যাংককে আয়োজিত ‘যোগাসন স্পোর্টস চ্যাম্পিয়নশিপ ২০২৬’-এর সাব-জুনিয়র বিভাগে প্রথম স্থান অধিকার করে সোনার পদক জিতেছে চতুর্থ শ্রেণির ছাত্রী সনম।

গত ৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় থাইল্যান্ড, মালয়েশিয়া, শ্রীলঙ্কা, ভারত-সহ বিভিন্ন দেশের প্রতিযোগীরা অংশ নিয়েছিলেন। কঠিন প্রতিযোগিতার মধ্যেও নিজের দক্ষতায় নজর কেড়ে নিয়ে সেরা হয় পিংলার এই খুদে প্রতিভা।

আন্তর্জাতিক মঞ্চের সাফল্যের পর মঙ্গলবার সকালে বাবা-মায়ের সঙ্গে কলকাতা থেকে বালিচক স্টেশনে পৌঁছয় সনম। সেখানে আগে থেকেই অপেক্ষায় ছিলেন স্থানীয় বাসিন্দা ও শুভানুধ্যায়ীরা। স্টেশনে নামতেই তাকে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে স্বাগত জানানো হয়। সাফল্যের জন্য সনমকে ঘিরে উচ্ছ্বাসে মেতে ওঠেন এলাকার মানুষ।

ছোটবেলা থেকেই যোগাসনের প্রতি বিশেষ আগ্রহ সনমের। তার বাবা ও মা দু’জনেই যোগা শিক্ষক। ফলে পরিবারের কাছ থেকেই যোগাসনের প্রাথমিক শিক্ষা ও নিয়মিত অনুশীলনের সুযোগ পেয়েছে সে। সেই প্রশিক্ষণ ও পরিশ্রমের ফলেই আন্তর্জাতিক মঞ্চে এই সাফল্য বলে পরিবার সূত্রে জানা গিয়েছে।

থাইল্যান্ডের মাটিতে সোনার পদক জয়ের পর বালিচকে মানুষের উষ্ণ অভ্যর্থনায় আরও আবেগঘন হয়ে ওঠে সনমের ঘরে ফেরার মুহূর্ত। তার এই সাফল্যে শুধু পরিবার নয়, গর্বিত পিংলা তথা গোটা পশ্চিম মেদিনীপুর জেলাবাসী। আগামী দিনে আরও বড় প্রতিযোগিতায় সাফল্য অর্জনের লক্ষ্যে এগিয়ে যেতে চায় সনম।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *