এিদিব ঘোষ পূর্ব বর্ধমান:- পূর্ব বর্ধমানের খণ্ডঘোষ ব্লকের কাঁটাপুকুর এলাকায় বর্ধমান–বাঁকুড়া সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাল ভারত জাকাত মাঝি পরগনা মহল। সংগঠনের এই কর্মসূচিকে ঘিরে এলাকায় ছড়ায় চাঞ্চল্য। আন্দোলনকারীদের একাধিক দাবির মধ্যে অন্যতম হয়ে ওঠে খণ্ডঘোষের বিডিওর বিরুদ্ধে ওঠা গুরুতর অভিযোগ।
সংগঠনের দাবি, একটি জমি সংক্রান্ত সমস্যার বিষয়ে আদিবাসী সম্প্রদায়ের কয়েকজনকে বিডিও দফতরে ডেকে পাঠানো হয়েছিল। সেখানেই তাঁদের সঙ্গে দুর্ব্যবহার ও অপমানজনক আচরণ করা হয়েছে বলে অভিযোগ আন্দোলনকারীদের।সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়েছে, প্রশাসনের একজন আধিকারিকের দফতরে বসে আদিবাসী সম্প্রদায়ের মানুষকে এভাবে অপমান করার অভিযোগ অত্যন্ত গুরুতর। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করে সংগঠনের নেতারা জানান, বিডিওর বিরুদ্ধে খণ্ডঘোষ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হবে। এদিকে প্রশাসনিক কর্তার বিরুদ্ধে এমন অভিযোগকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই এলাকায় শুরু হয়েছে জোর চর্চা।
