এিদিব ঘোষ পূর্ব বর্ধমান , পূর্ব বর্ধমান জেলার তোড়কোনা জগবন্ধু উচ্চ বিদ্যালয়ে আজ যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে পালিত হলো স্বামী বিবেকানন্দের জন্মদিন। জাতীয় যুব দিবস উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠান ও আলেখ্যের মাধ্যমে মহান এই মনীষীর আদর্শ ও চিন্তাধারাকে স্মরণ করা হয়।অনুষ্ঠানের শুরুতে স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এরপর বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে আলোচনা সভা ও আলেখ্য পাঠের মাধ্যমে তুলে ধরা হয় স্বামীজির বহুমাত্রিক পরিচয়—‘Orator by Divine Right’ হিসেবে তাঁর বিশ্ববিখ্যাত বক্তৃতা,‘The Warrior Monk’ হিসেবে তাঁর অদম্য সাহস ও আত্মবিশ্বাস,এবং ‘ভারতের বিবেক’ ও ‘আধুনিক ভারতের জনক’ (Maker of Modern India) হিসেবে তাঁর জাতীয় চেতনায় অবিস্মরণীয় অবদান।আলোচনায় বক্তারা বলেন, স্বামী বিবেকানন্দ ছিলেন একাধারে আধ্যাত্মিক নেতা ও বেদান্তের অন্যতম প্রধান প্রচারক।
তাঁর চিন্তাধারা আজও যুবসমাজকে আত্মবিশ্বাস, মানবপ্রেম ও দেশগঠনের প্রেরণা জোগায়। “উঠো, জাগো এবং লক্ষ্যে পৌঁছানো পর্যন্ত থেমো না”—এই বাণীকে সামনে রেখে ছাত্রছাত্রীদের চরিত্রগঠন ও নৈতিক শিক্ষার গুরুত্বের ওপর বিশেষভাবে আলোকপাত করা হয়।বিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও স্বামী বিবেকানন্দের আদর্শকে কেন্দ্র করে এ ধরনের অনুষ্ঠান আয়োজন করে ছাত্রছাত্রীদের মধ্যে মানবিকতা, আত্মনির্ভরতা ও জাতীয়তাবোধ জাগ্রত করার উদ্যোগ নেওয়া হবে।