এিদিব ঘোষ পূর্ব বর্ধমান: পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত সরডাঙ্গা এলাকায় বুধবার হঠাৎ ধসে পড়ল ১৯ নম্বর জাতীয় সড়কের গার্ডওয়াল। গার্ডওয়াল ভেঙে পড়ার সঙ্গে সঙ্গে রাস্তার একটি বড় অংশও ধসে যায়। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তবে সৌভাগ্যবশত বড়সড় দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছে একাধিক গাড়ি।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কলকাতা থেকে বর্ধমানমুখী জাতীয় সড়কের ওই অংশে আচমকাই গার্ডওয়াল ভেঙে পড়ে এবং রাস্তার উপরের অংশের কিছুটা জায়গা ধসে যায়।

হঠাৎ এই ঘটনার জেরে মুহূর্তের মধ্যে এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয় এবং ওই রাস্তায় যান চলাচল ব্যাহত হয়ে পড়ে।খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। নিরাপত্তার স্বার্থে জাতীয় সড়কের ক্ষতিগ্রস্ত অংশ দিয়ে আপাতত সমস্ত ধরনের যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। কলকাতা–বর্ধমানগামী যানবাহনগুলিকে জামালপুর থানার আজাপুর এলাকা থেকেই বিকল্প বাইপাস রাস্তায় ঘুরিয়ে দেওয়া হচ্ছে।এর ফলে জাতীয় সড়ক সংলগ্ন বিস্তীর্ণ এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। দীর্ঘক্ষণ ধরে আটকে থাকতে হচ্ছে বহু গাড়িকে, ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।এদিকে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এই জাতীয় সড়কের নির্মাণকাজের দায়িত্বে ছিল আইআরবি নামে একটি বেসরকারি সংস্থা। তাঁদের দাবি, নির্মাণের সময় নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছিল বলেই এই ধরনের ঘটনা ঘটেছে। অনেক দিন ধরেই রাস্তার কাজের মান নিয়ে প্রশ্ন উঠছিল বলেও অভিযোগ স্থানীয়দের।এলাকাবাসীর আরও দাবি, নির্মাণকারী সংস্থার কাজের গতি অত্যন্ত ধীর ছিল এবং একাধিক সময় রাস্তার লাইট বন্ধ থাকত। সেই বিষয়েও আগেই ক্ষোভ প্রকাশ করেছিলেন স্থানীয়রা। বুধবারের এই ঘটনার পর সেই অভিযোগগুলিই নতুন করে সামনে এসেছে।ঘটনার পর প্রশাসনের পক্ষ থেকে পুরো বিষয়টি খতিয়ে দেখা শুরু হয়েছে। জাতীয় সড়কের ক্ষতিগ্রস্ত অংশ মেরামতের কাজ শেষ না হওয়া পর্যন্ত ওই রুটে স্বাভাবিক যান চলাচল কবে শুরু হবে, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।