ত্রিদিব ঘোষ,বর্ধমান : ভগবান বিরসা মুন্ডার সার্ধশতবর্ষপূতি উপলক্ষে বিশেষ উদ্যোগ নিল বর্ধমান-২ নং ব্লক প্রশাসন ও পঞ্চায়েত সমিতি। এই উপলক্ষে আজ খাঁড়গ্রাম ফুটবল ময়দান, নবস্থা-২ নং অঞ্চলে অনুষ্ঠিত হল ‘জয় জোহার’ মেলার শুভ উদ্বোধনী অনুষ্ঠান।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্লক প্রশাসনের কর্মকর্তারা, পঞ্চায়েত সমিতির প্রতিনিধিরা এবং স্থানীয় বিশিষ্টজনেরা। ভগবান বিরসা মুন্ডার জীবন, সংগ্রাম ও আদিবাসী সমাজের উন্নয়নে তাঁর অবদানকে স্মরণ করে বিভিন্ন সাংস্কৃতিক কর্মসূচির আয়োজন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, “বিরসা মুন্ডা শুধুমাত্র আদিবাসী সমাজের নবজাগরণের পথপ্রদর্শক নন, ভারতীয় স্বাধীনতা সংগ্রামেরও এক উজ্জ্বল নাম। তাঁর আদর্শ ও আত্মত্যাগ আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে।”মাঠজুড়ে এদিন ছিল নৃত্য-গীত, প্রদর্শনী এবং জনজাতি সংস্কৃতির বিভিন্ন শিল্প-উপস্থাপনা। স্থানীয় জনগণের ভিড়ে পুরো অনুষ্ঠানমঞ্চ ছিল উপচে পড়া।বর্ধমান-২ ব্লকের এই আয়োজনে স্থানীয় মানুষের মধ্যে উৎসবের আমেজ তৈরি হয়েছে। আগামী কয়েকদিন ধরে চলবে ‘জয় জোহার’ মেলা, যেখানে থাকবে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রদর্শনী।