বিশেষ প্রতিবেদন – আদৃত পাল: পশ্চিম মেদিনীপুর, হাসিমুখে ছবি পোস্ট করতেই অভ্যস্ত সংগীতশিল্পী দেবলীনা নন্দী। নিজের জীবনের ছোট-বড় মুহূর্ত, কাজের আপডেট—সবটাই তিনি তুলে ধরতেন সোশ্যাল মিডিয়ার পর্দায়। বাইরে থেকে দেখলে মনে হতো, সবকিছুই যেন বেশ সুন্দর ছন্দে চলছে। কিন্তু আচমকাই সেই ছন্দপতন।২০২৪ সালে সাত পাকে বাঁধা পড়েছিলেন দেবলীনা নন্দী। তাঁর স্বামী প্রবাহ নন্দী পেশায় একজন পাইলট। বিয়ের পর সবকিছু ঠিকঠাকই চলছিল বলে মনে হয়েছিল। কিন্তু হঠাৎ করেই দেবলীনাকে সোশ্যাল মিডিয়ায় লাইভে এসে বলতে শোনা যায়—তিনি ভালো নেই। ব্যক্তিগত ও পেশাগত জীবনের টানাপোড়েনে তিনি কার্যত বিধ্বস্ত। তবে কাজের চাপের থেকেও বেশি তাঁকে ভেঙে দিচ্ছিল ব্যক্তিগত জীবনের সমস্যা।লাইভে দেবলীনা জানান, বিয়ের পর থেকেই তাঁর মাকে ঘিরে বাড়িতে সমস্যা শুরু হয়। তিনি সবসময় সবাইকে একসঙ্গে নিয়ে চলতে ভালোবাসেন।
সকলের মন জয় করার আপ্রাণ চেষ্টা করলেও শেষ পর্যন্ত তিনি হেরে গিয়েছেন। শ্বশুরবাড়ির নাম না করেই দেবলীনা জানান, সংসার করতে গিয়ে বারবার তাঁকে একটা কথাই শুনতে হয়েছে—মাকে ছেড়ে দিতে হবে। পাশাপাশি কাজ নিয়েও একাধিক সমস্যা তৈরি হচ্ছিল বাড়িতে।লাইভ চলাকালীন দেবলীনা বারবার বলতে থাকেন, “আমি অনেক চেষ্টা করলাম, কিন্তু আর পারলাম না।” এমনকী তিনি এও বলেন, এই লাইভটা যখন মানুষ দেখবে, তখন হয়তো তিনি আর থাকবেন না। তাঁকে নিয়ে তখন সংবাদ তৈরি হবে। জীবনের শেষ মুহূর্তে সেজেগুজে থাকতে চেয়েছিলেন বলেও জানান তিনি, সেই কারণেই সেদিন সুন্দর করে সেজেছিলেন।দেবলীনায় কথাবার্তা শুনে নেটদুনিয়ার বাসিন্দাদের বুঝতে অসুবিধা হয়নি যে তিনি মানসিকভাবে চরম ভেঙে পড়েছেন।
কমেন্ট বক্স ভরে যায় অনুরোধে—মন শক্ত রাখার, আবেগের বশে কোনও ভুল সিদ্ধান্ত না নেওয়ার আবেদন জানাতে থাকেন সকলে।কিন্তু লাইভ শেষ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই সামনে আসে উদ্বেগজনক খবর। জানা যায়, দেবলীনা হাসপাতালে ভর্তি। ঘনিষ্ঠ সূত্রের খবর অনুযায়ী, ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন তিনি। দেবলীনায় ঘনিষ্ঠ বন্ধু সায়ক একটি ছবি পোস্ট করেন, যেখানে দেখা যায় হাসপাতালের বেডে শুয়ে রয়েছেন গায়িকা।সেই ছবি দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলেন অনুরাগীরা। জানা যায়, বর্তমানে দেবলীনা বিপদমুক্ত। পুরো বিষয়টি খতিয়ে দেখতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। ঠিক কোন পরিস্থিতিতে পড়ে এমন চরম সিদ্ধান্ত নিতে বাধ্য হলেন গায়িকা, তা জানার চেষ্টা চলছে। আপাতত সকলের একটাই কামনা—দেবলীনা নন্দী যেন দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসেন। তার অগনিত সঙ্গীত অনুরাগীর তার মিষ্টি মধুর কন্ঠে আবার ও সঙ্গীত শুনতে চান।