প্রতিনিধি :- তারক হরি, পশ্চিম মেদিনীপুর বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শুক্রবার ডেবরায় একাধিক স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)-র ডেবরা কলেজ ইউনিট। এদিন ডেবরা কলেজ, ডেবরা থানা চত্বর এবং এলাকার কয়েকটি বিদ্যালয়ে বৃক্ষরোপণ করা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন এবিভিপির ডেবরা নগর প্রমুখ, পশ্চিম মেদিনীপুর জেলা স্পোর্টস কনভেনর-সহ সংগঠনের অন্যান্য সদস্যরা। পরিবেশ সংরক্ষণ এবং সবুজায়নের বার্তা পৌঁছে দিতে ছাত্রছাত্রীরা সক্রিয়ভাবে এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন।এবিভিপির পক্ষ থেকে ডেবরা কলেজের ছাত্রছাত্রী, ডেবরাবাসী এবং সমগ্র রাজ্যবাসীকে বিশ্ব পরিবেশ দিবসের শুভেচ্ছা জানানো হয়।
সংগঠনের সদস্যরা বলেন, পরিবেশ রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনও বিকল্প নেই। অনুষ্ঠান থেকে সকলের উদ্দেশে আহ্বান জানানো হয়, নিজের চারপাশের পরিবেশকে পরিষ্কার ও সবুজ রাখার পাশাপাশি বেশি করে গাছ লাগানোর। “গাছ লাগান, প্রাণ বাঁচান” এই স্লোগানকে সামনে রেখে দিনটি পালন করা হয়। পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আগামী দিনেও এ ধরনের কর্মসূচি চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে এবিভিপি নেতৃত্ব।