নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর বুধবার বিকেল প্রায় ৫টা নাগাদ পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল–পাসকুড়া রাজ্য সড়কের সুলতাননগর এলাকায় পথ অবরোধে শামিল হল সিপিএম কর্মী ও বাম সমর্থকেরা। সারা ভারত কৃষক সভার ডাকে এবং ঘাটাল মাস্টার প্ল্যানের নামে মাটি বিক্রি বন্ধসহ একাধিক দাবিকে সামনে রেখে এই কর্মসূচি নেওয়া হয়।প্রায় এক হাজারের কাছাকাছি বাম কর্মী ও সমর্থক অবরোধে অংশ নেন বলে জানা গিয়েছে। অবরোধের জেরে ঘাটাল–পাসকুড়া রাজ্য সড়কে যান চলাচল ব্যাহত হয়।
প্রায় ২০ মিনিট ধরে এই পথ অবরোধ চলার ফলে সাধারণ যাত্রী ও যানবাহন চালকদের ভোগান্তিতে পড়তে হয়।বাম নেতৃত্বের দাবি, ঘাটাল মাস্টার প্ল্যানের নামে অবৈধভাবে মাটি বিক্রি করা হচ্ছে, যা অবিলম্বে বন্ধ করতে হবে। পাশাপাশি কৃষকদের বিভিন্ন সমস্যা ও দাবিদাওয়া নিয়ে তাঁরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পরে পুলিশের হস্তক্ষেপে অবরোধ তুলে নেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়।ঘটনাকে ঘিরে এলাকায় কিছুক্ষণ উত্তেজনা থাকলেও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।