তারক হরি, পশ্চিম মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরের বালিচক ফ্লাইওভার নির্মাণ ঘিরে ফের জটিলতা দেখা দিয়েছে। দীর্ঘদিন ধরে ঝুলে থাকা এই প্রকল্পের অগ্রগতি না হওয়ায় ক্ষোভ বাড়ছে এলাকাবাসীর মধ্যে। সমস্যার সমাধানে প্রশাসনিক হস্তক্ষেপ চেয়ে জেলা প্রশাসনের বিভিন্ন স্তরে চিঠি দিয়েছে বালিচক স্টেশন উন্নয়ন কমিটি। কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, জেলা শাসক (ডিএম), মহকুমা শাসক (এসডিও), এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারসহ সংশ্লিষ্ট আধিকারিকদের কাছে দ্রুত একটি যৌথ বৈঠক ডাকার আবেদন জানানো হয়েছে, যাতে সব পক্ষকে নিয়ে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা যায়।
অভিযোগ, রেললাইনের উপর ফ্লাইওভারের কানেক্টিং অংশ নির্মাণের জন্য এখনও পর্যন্ত রাজ্যের পক্ষ থেকে প্রয়োজনীয় ‘ব্লক’ সংক্রান্ত অনুমোদনের চিঠি পাঠানো হয়নি। অন্যদিকে নির্মাণ সংস্থা দাবি করছে, এই কাজের জন্য প্রয়োজনীয় বড় মাপের ক্রেন তাদের কাছে নেই। ফলে কাজ কার্যত থমকে রয়েছে। এই পরিস্থিতিতে ক্ষোভ উগরে দিয়েছে বালিচক স্টেশন উন্নয়ন কমিটি। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে টালবাহানা ও খামখেয়ালির কারণে লাখ লাখ সাধারণ মানুষ সমস্যার মুখে পড়ছেন।
প্রতিদিন যাতায়াতের ক্ষেত্রে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসীকে।কমিটির যুগ্ম সম্পাদক কিংকর অধিকারী ও বিশ্বজিৎ ভূঁইয়া জানান, দ্রুত কার্যকর পদক্ষেপ না নেওয়া হলে তারা বৃহত্তর আন্দোলনের পথে নামতে বাধ্য হবেন। আগামী ২ এপ্রিল থেকে আন্দোলনের কর্মসূচি নেওয়ার কথাও জানানো হয়েছে।এই পরিস্থিতিতে বালিচক ফ্লাইওভার প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে।