তারক হরি, পশ্চিম মেদিনীপুর: ২৬ শে নির্বাচনের আগেই পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ প্রশাসনে বড়সড় রদবদল। বদলি করা হয়েছে জেলার পুলিশ সুপার ধৃতিমান সরকারকে। সোমবার নবান্নের তরফে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করে তাঁর বদলির কথা জানানো হয়। নতুন জেলা পুলিশ সুপার হিসেবে দায়িত্ব নিতে চলেছেন পলাশ চন্দ্র ঢালী, যিনি এতদিন বারুইপুর পুলিশ জেলার এসপি পদে কর্মরত ছিলেন।ধৃতিমান সরকারকে পশ্চিম মেদিনীপুর থেকে সরিয়ে এবার পাঠানো হচ্ছে রাজ্য গোয়েন্দা শাখা— স্টেট আইবি দফতরের সুপারিন্টেন্ডেন্ট হিসেবে। সূত্রের খবর, রাজ্য পুলিশের প্রশাসনিক পুনর্বিন্যাসের অংশ হিসেবেই এই বদলি।জেলা পুলিশ সুপারের পাশাপাশি বদলি করা হয়েছে আরও এক শীর্ষ আধিকারিককে।
পশ্চিম মেদিনীপুরের অতিরিক্ত জেলা পুলিশ সুপার (ADC) পিনাকি দত্তকেও দায়িত্ব থেকে সরানো হয়েছে। তাঁকে পাঠানো হচ্ছে বারুইপুরে, অতিরিক্ত জেলা পুলিশ সুপার পদে।এই প্রশাসনিক সিদ্ধান্তে জেলায় পুলিশ কাঠামোয় নয়া রদবদলের প্রত্যাশা তৈরি হয়েছে। নতুন এসপি পলাশ চন্দ্র ঢালী দায়িত্ব নেওয়ার পর জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি ও কৌশলে কী পরিবর্তন আসে, এখন সেদিকেই নজর প্রশাসন ও সাধারণ মানুষের।