বাবলু বন্দ্যোপাধ্যায়, তমলুক: বেকার যুবকরা যখন চাকরি না পেয়ে টোটো চালিয়ে দুমুঠো ভাতের জোগাড় করার জন্য মড়িয়া চেষ্টা চালিয়ে যাচ্ছে, সেই সময় টোটোর লাইসেন্সের জন্য চালকদের কাছ থেকে টাকা তোলার প্রতিবাদে এবং পুলিশী হয়রানি ও স্থানীয় প্রশাসনের জুলুমবাজির বিরুদ্ধে বিক্ষোভ দেখালো তমলুক ব্লকে টোটো চালকরা। তমলুক থানার রাধামনি থেকে প্রায় পাঁচ শতাধিক টোটো চালকরা তমলুক ব্লক অফিসে প্রবেশ করতে গেলে পুলিশ প্রথমে বাধা দেয় , চরম উত্তেজনার সৃষ্টি হলে এক প্রতিনিধি দলকে ব্লকের আধিকারিকের সঙ্গে কথা বলার জন্য ছাড়পত্র দেয়। প্রতিনিধি দলে তমলুক পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা আশিস মণ্ডল জানান বেকার সমস্যার সমাধান যেখানে সরকার করতে পারেনি এখানে এরা রাস্তায় টোটো চালিয়ে অন্যের সংস্থান করছে। আর সেখানেই তাদের প্রতি জুলুম বাজির শেষ থাকছে না।
চালকদের পাশে নিয়ে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে যাওয়া বলে তিনি জানান। অন্যদিকে টোটো চালক সন্তোষ মাইতি, সন্টু মহাপাত্র, হরিদাস প্রধান, প্রসেনজিৎ দাসসহ অনেকেই অভিযোগ যেভাবে সরকার একটার পর একটা নির্দেশিকা জারি করছে টোটো চালকদের উপর তাতে আগামী দিনে আরো সমস্যার মধ্যে পড়তে হবে দুটো টাকা উপার্জন করার জন্য। একদিকে সরকারের কাছে কাজ নেই অন্যদিকে টোটো চালিয়ে যাওয়া অর্থ উপার্জন হত তাকেও কেড়ে নেওয়ার চক্রান্ত করছে এই সরকার, এই সিদ্ধান্তের বিরুদ্ধে তাদের প্রতিবাদ আগামী দিনে আরও বৃহত্তর আকার ধারণ করবে।