এিদিব ঘোষ পূর্ব বর্ধমান: – প্রত্যেক বছরের ন্যায় এ বছরও দোল পূর্ণিমার দিন ভক্তি ও আড়ম্বরে পালিত হল বাবা পঞ্চাননের পুজো। পূর্ব বর্ধমান জেলার রায়না এক ব্লকের বেঁন্দুয়া গ্রামে এই ঐতিহ্যবাহী পুজোকে ঘিরে সকাল থেকেই উৎসবের আবহ তৈরি হয়। প্রতিবছর দোল পূর্ণিমার দিনেই আয়োজিত হয় এই পুজো। ভোর থেকেই নামসংকীর্তনের মধ্য দিয়ে শুরু হয় পূজার্চনা। শুধু বেঁন্দুয়া গ্রাম নয়, আশপাশের বুজরুকদিঘি, বাজিতপুর, মিরেপোতা, মোগলমারি সহ বিভিন্ন এলাকা থেকে ভক্তরা উপস্থিত হন। স্থানীয়দের বিশ্বাস, বাবা পঞ্চাননের কাছে মানত করলে মনস্কামনা পূর্ণ হয়। অনেক ভক্ত মানত হিসেবে বাবাকে ঘোড়া উৎসর্গ করেন।
মনোবাসনা পূরণ হলে পূজাস্থলে প্রতীকী ঘোড়া নিবেদন করার রীতি বহু বছরের। পুজো কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, এ বছর প্রায় ১২ থেকে ১৫ হাজার মানুষকে অন্নভোগ বিতরণ করা হয়েছে। সম্পূর্ণ অনুষ্ঠানটি স্থানীয় বাসিন্দাদের দান ও সহযোগিতায় সম্পন্ন হয়। যে যেমন পেরেছেন, আর্থিক বা সামগ্রী দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। পুজোকে ঘিরে প্রতিবছরই সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবারও সন্ধ্যায় একটি যাত্রা অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়েছে, যা ঘিরে গ্রামবাসীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেছে। ধর্মীয় আচার, সামাজিক সম্প্রীতি ও মিলনমেলার আবহে দোল পূর্ণিমার এই পুজো কার্যত গ্রামোৎসবে পরিণত হয়েছে বলে মত স্থানীয়দের।