তারক হরি, পশ্চিম মেদিনীপুর:মঙ্গলবার ডেবরা এসডিও-র উদ্যোগে বালিচক ফ্লাইওভার নির্মাণ নিয়ে রেল এবং রাজ্য প্রশাসনের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ সমন্বয় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন—ডেবরা বিধানসভা কেন্দ্রের বিধায়ক হুমায়ুন কবির, এসডিও, বিডিও প্রিয়ব্রত রাঢ়ি, পিডব্লুডি দপ্তরের এক্সিকিউটিভ ও অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, রেলের ডেপুটি চিফ ইঞ্জিনিয়ারের প্রতিনিধি, গার্ডেনরিচ রেল দপ্তরের প্রতিনিধি, কন্ট্রাক্টর সংস্থা এবং বালিচক স্টেশন উন্নয়ন কমিটির ছয় সদস্যের প্রতিনিধি দল।
বালিচক স্টেশন উন্নয়ন কমিটির পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়—১৫ জানুয়ারির মধ্যে রেল ব্লক না মিললে কমিটি রেল ও সড়ক—উভয় পথেই বৃহত্তর আন্দোলনে নামবে।বৈঠকে রেল কর্তৃপক্ষ আশ্বাস দেয়—আগামী ১৫ জানুয়ারির মধ্যে রেল ব্লক অনুমোদন দেওয়া হবে।অন্যদিকে কন্ট্রাক্টর সংস্থা ও পিডব্লুডি দপ্তরের প্রকৌশলীরা জানিয়েছেন—সমস্ত কাজ ১৫ মার্চের মধ্যে সম্পন্ন করে বালিচক উড়ালপুল চালু করে দেওয়া হবে।
বালিচক ফ্লাইওভারের কাজ বছরের পর বছর ধরে বিলম্বিত হওয়ায় সাধারণ মানুষের ব্যাপক ভোগান্তি হয়েছে। যানজট, দুর্ঘটনা এবং রেলগেটের দীর্ঘক্ষণ বন্ধ থাকার কারণে দুশ্চিন্তায় ছিলেন নিত্যযাত্রীরা। অবশেষে এই বৈঠক প্রকল্পটিতে গতি ফিরিয়ে আনবে বলেই আশা করছেন এলাকাবাসী।এছাড়া, বালিচক বাসস্ট্যান্ড নির্মাণ নিয়েও এসডিও-র সঙ্গে আলাপ হয়। বিধায়ক হুমায়ুন কবির এই বিষয়ে দ্রুত উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছেন বালিচক স্টেশন উন্নয়ন কমিটির যুগ্ম সম্পাদক কিংকর অধিকারী।