প্রতিনিধি:- তারক হরি, পশ্চিম মেদিনীপুর খড়গপুর মহকুমা হাসপাতালের পরিকাঠামো উন্নয়ন ও স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়নে বড় ঘোষণা করলেন রাজ্যের মন্ত্রী তথা খড়গপুর সদর কেন্দ্রের বিধায়ক দিলীপ ঘোষ। হাসপাতাল পরিদর্শন ও বৈঠক শেষে তিনি জানান, জীর্ণ ও পরিকাঠামোহীন খড়গপুর মহকুমা হাসপাতালকে আগামী দিনে সুপার স্পেশালিটি হাসপাতালে রূপান্তরিত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এই প্রকল্পে প্রায় ১০০ কোটি টাকা ব্যয় হতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি। রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পাওয়ার পর এদিন প্রথমবার হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বসেন দিলীপ ঘোষ। বৈঠকে উপস্থিত ছিলেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক (CMOH), মহকুমাশাসক (SDO) এবং হাসপাতালের অন্যান্য আধিকারিকরা। হাসপাতালের বর্তমান অবস্থা, চিকিৎসা পরিষেবা, পরিকাঠামো ও কর্মীদের সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ হাসপাতালের বেহাল অবস্থার সমালোচনা করেন। তাঁর অভিযোগ, “হাসপাতালের অবস্থা অত্যন্ত খারাপ। নার্স ও কর্মচারীদের থাকার পর্যাপ্ত ব্যবস্থা নেই। রোগীদের বসার জায়গা পর্যন্ত নেই। ওষুধ সরবরাহে অনিয়ম রয়েছে। হাসপাতালের বিভিন্ন সরঞ্জাম যত্রতত্র পড়ে রয়েছে।”তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে রোগী কল্যাণ সমিতি তৃণমূলের নিয়ন্ত্রণে থাকায় হাসপাতালের উন্নয়ন থমকে ছিল। চিকিৎসক ও কর্মীরা একাধিকবার সমস্যার কথা জানালেও কোনও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলে দাবি করেন তিনি।
কোভিড পর্বের প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন, “কেন্দ্র সরকারের দেওয়া অক্সিজেন প্ল্যান্টগুলিও রক্ষণাবেক্ষণের অভাবে বহু জায়গায় অকেজো হয়ে পড়ে আছে। স্বাস্থ্য পরিকাঠামোর এই দুরবস্থা বদলাতেই মানুষ আমাদের ক্ষমতায় এনেছেন।”দিলীপ ঘোষের দাবি, নতুন সরকার স্বাস্থ্য পরিষেবাকে অগ্রাধিকার দিচ্ছে এবং খড়গপুর মহকুমা হাসপাতালকে আধুনিক সুপার স্পেশালিটি হাসপাতালে পরিণত করতে দ্রুত পরিকল্পনা নেওয়া হবে। তাঁর কথায়, “মানুষকে উন্নত চিকিৎসা পরিষেবা দেওয়াই এখন আমাদের মূল লক্ষ্য। ”মন্ত্রীের এই ঘোষণার পর হাসপাতাল চত্বরে আশাবাদী প্রতিক্রিয়া দেখা গিয়েছে রোগী ও স্থানীয় বাসিন্দাদের একাংশের মধ্যে। বহুদিন ধরেই খড়গপুরে উন্নত চিকিৎসা পরিষেবার দাবি উঠছিল। এবার সেই দাবিপূরণে প্রশাসন কত দ্রুত পদক্ষেপ নেয়, সেদিকেই নজর সকলের।