তারক হরি, পশ্চিম মেদিনীপুর: বেলডাঙ্গায় রণক্ষেত্র পরিস্থিতির খবর সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত হওয়া দুই সংবাদকর্মী সোমা মাইতি ও রঞ্জিত মাহাতোর উপর হামলার প্রতিবাদে সরব হলেন পশ্চিম মেদিনীপুর জেলার সাংবাদিকরা। শুক্রবারের ওই ঘটনার পর গুরুতর জখম অবস্থায় বর্তমানে তাঁরা বহরমপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।এই ঘটনার প্রতিবাদে শনিবার পশ্চিম মেদিনীপুর জেলা সাংবাদিক মহলের উদ্যোগে মেদিনীপুর শহরের কালেক্টরি মোড় থেকে একটি প্রতিবাদ মিছিল বের হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ পথ পরিক্রমা করে জেলা শাসকের কার্যালয়ের প্রধান গেটের সামনে পৌঁছায়।
সেখানে সাংবাদিকরা কিছুক্ষণ প্রতীকী অবস্থান বিক্ষোভে সামিল হন।বিক্ষোভকারীদের বক্তব্য, খবর সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের উপর এই ধরনের হামলা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের উপর সরাসরি আঘাত। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত না হলে সংবাদমাধ্যম স্বাধীনভাবে কাজ করতে পারবে না বলেও তাঁরা আশঙ্কা প্রকাশ করেন।জেলা সাংবাদিক মহলের পক্ষ থেকে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তোলা হয়। পাশাপাশি ভবিষ্যতে সংবাদকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের সক্রিয় ভূমিকার দাবিও জানানো হয়েছে।