এিদিব ঘোষ পূর্ব বর্ধমান, পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের অন্তর্গত আন গ্রামে রাজ্য সরকারের ‘পথশ্রী’ (চতুর্থ পর্যায়) প্রকল্পের অধীনে নতুন রাস্তা নির্মাণের কাজ শুরু হয়েছে। গ্রামবাসীর দীর্ঘদিনের দাবি মেনে এই রাস্তা নির্মাণের উদ্যোগ নেওয়ায় এলাকায় খুশির হাওয়া বইছে। সরকারি তহবিলের মাধ্যমে নির্মিত এই রাস্তার দৈর্ঘ্য প্রায় ২৩৪ মিটার। ব্যয় ধরা হয়েছে প্রায় ৮ লক্ষ ৩ হাজার ২৬৩ টাকা। স্থানীয় সূত্রে জানা যায়, আনগ্রাম উজ্জ্বল সাঁতরার বাড়ি থেকে ক্যানেল পাড় হয়ে দাসপাড়া পর্যন্ত ঢালাই রাস্তা নির্মাণ করা হবে।
গ্রামবাসীদের বক্তব্য, বর্ষাকালে কাদামাটির কারণে যাতায়াতে চরম সমস্যার সম্মুখীন হতে হতো। বিশেষ করে ছাত্রছাত্রী, প্রবীণ মানুষ এবং রোগীদের হাসপাতালে নিয়ে যেতে ভোগান্তি পোহাতে হত। এই নতুন রাস্তা নির্মাণের ফলে যোগাযোগ ব্যবস্থা অনেকটাই সহজ হবে বলে মনে করছেন এলাকাবাসী। স্থানীয় পঞ্চায়েত ও ব্লক প্রশাসনের উদ্যোগে দ্রুত গতিতে কাজ সম্পন্ন করার আশ্বাস দেওয়া হয়েছে। গ্রামবাসীরা আশা করছেন, নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ হবে এবং বহুদিনের দুর্ভোগ থেকে মুক্তি মিলবে।