নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর ভোটার তালিকা সংশোধন বা এসআইআর প্রক্রিয়া চলাকালীন মৃত ভোটার, ভুয়ো ভোটার, রোহিঙ্গা ভোটার ও তথাকথিত সেটিং বা শিফটিং ভোটারদের নাম বাতিলের দাবিতে বুধবার ঘাটাল সংগঠনিক জেলার বিজেপি নেতৃত্বরা ডিএম অফিসে ফর্ম সেভেন জমা দিতে যান। কিন্তু অভিযোগ, প্রশাসনের কোনও আধিকারিকই সেই ফর্ম গ্রহণ করেননি। বারবার বিভিন্ন টেবিলে ঘোরানো হলেও শেষ পর্যন্ত ফর্ম জমা নেওয়া হয়নি বলে দাবি বিজেপির।বিজেপি নেতৃত্বদের বক্তব্য, নির্বাচন কমিশনের তরফে এদিন দিল্লি থেকে জারি হওয়া বিজ্ঞপ্তি দেখানো সত্ত্বেও প্রশাসন ফর্ম সেভেন গ্রহণে অস্বীকার করে।
দীর্ঘ সময় ধরে হয়রানির শিকার হওয়ার পর বাধ্য হয়েই ডিএম অফিসের সামনে ধর্নায় বসেন তাঁরা।পরে ডিএম-এর সঙ্গে সাক্ষাৎ করে বিষয়টি জানানো হলে একটি রিসিভ দেওয়া হলেও ফর্ম জমা নেওয়া যাবে না বলে জানানো হয় বলে অভিযোগ। এই আচরণে ক্ষোভ প্রকাশ করে বিজেপি নেতৃত্বরা বলেন, নির্বাচন কমিশনের নির্দেশ থাকা সত্ত্বেও এভাবে ফর্ম গ্রহণ না করা গণতান্ত্রিক প্রক্রিয়ার পরিপন্থী।এই ধর্না কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঘাটাল সংগঠনিক জেলা বিজেপির সভাপতি তন্ময় দাস, রাজ্য সাধারণ সম্পাদক সোনালি মুর্মু, তফসিলি মোর্চার সম্পাদক মদন রুইদাস সহ বিজেপির একাধিক জেলা ও ব্লক স্তরের নেতৃত্ব। বিজেপির পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, ভোটার তালিকা সংশোধনের ক্ষেত্রে স্বচ্ছতা ও ন্যায্যতার দাবিতে আগামী দিনেও আন্দোলন চলবে।