এিদিব ঘোষ পূর্ব বর্ধমান , পূর্ব বর্ধমান জেলার অন্যান্য ব্লকের পাশাপাশি খণ্ডঘোষ বিডিও অফিসেও চলছে আবেদনপত্র জমা ও যাচাইয়ের কাজ।দৈনিক ভোর থেকে ভিড় জমাচ্ছেন অসংখ্য যুবক-যুবতী। প্রকল্পের সুযোগ পেতে লম্বা লাইনে দাঁড়িয়ে আবেদন জমা দিচ্ছেন তাঁরা। প্রশাসনের তরফে শিবিরে পর্যাপ্ত কর্মী মোতায়েন করা হয়েছে বলে জানা গেছে।
বুধবার খণ্ডঘোষ বিডিও অফিসে শিবির পরিদর্শনে আসেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের কর্মাধ্যক্ষ বিশ্বনাথ রায়। তিনি আবেদনকারীদের সঙ্গে কথা বলেন এবং বেশ কয়েকজনের আবেদনপত্র নিজে হাতে পূরণ করতেও সাহায্য করেন।বিশ্বনাথ রায় বলেন, “মুখ্যমন্ত্রীর এই প্রকল্প রাজ্যের শিক্ষিত বেকার যুবসমাজের জন্য এক যুগান্তকারী পদক্ষেপ। বহু পরিবার আর্থিক সঙ্কটে ভুগছেন।
‘বাংলার যুব সাথী’ তাঁদের পাশে দাঁড়াবে। আমরা চাই, যোগ্য প্রত্যেক আবেদনকারী যেন এই প্রকল্পের সুবিধা পান। প্রশাসন সেই লক্ষ্যেই কাজ করছে”।প্রকল্প ঘিরে উৎসাহ স্পষ্ট খণ্ডঘোষে। এখন দেখার, নির্ধারিত সময়ের মধ্যে কতজন আবেদনকারী এই সুযোগ পান এবং এপ্রিল থেকে প্রকল্প চালু হলে বাস্তবে কতটা স্বস্তি মেলে রাজ্যের যুবসমাজের।