তারক হরি, পশ্চিম মেদিনীপুর ভারত সরকারের ‘অমৃত ভারত স্কিম’-এর অধীনে দেশের একাধিক গুরুত্বপূর্ণ রেলস্টেশনকে আধুনিকীকরণের কাজ চলছে। খড়গপুর, পাঁশকুড়া, তমলুক, মেছেদার মতো স্টেশন ইতিমধ্যেই এই প্রকল্পের অন্তর্ভুক্ত হয়ে উন্নয়নের পথে এগিয়েছে। তবে দক্ষিণ পূর্ব রেলের অন্যতম ব্যস্ত ও জনবহুল স্টেশন হওয়া সত্ত্বেও এখনও এই তালিকার বাইরে রয়ে গিয়েছে বালিচক রেল স্টেশন—এমন অভিযোগ তুলে এবার সরব হল বালিচক স্টেশন উন্নয়ন কমিটি।
উন্নয়ন কমিটির দাবি, প্রতিদিন বালিচক রেল স্টেশন থেকে প্রায় দুই থেকে আড়াই লক্ষ টাকার টিকিট বিক্রি হয়। বিপুল সংখ্যক নিত্যযাত্রী এই স্টেশনের উপর নির্ভরশীল। অথচ পরিকাঠামোগত উন্নয়নের অভাবে যাত্রীদের নানাবিধ সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। এই পরিস্থিতিতে বালিচক স্টেশনকে ‘অমৃত ভারত স্কিম’-এর অন্তর্ভুক্ত করে আধুনিকীকরণ করা অত্যন্ত জরুরি বলে মনে করছে কমিটি।
এই দাবিকে সামনে রেখে বালিচক স্টেশন উন্নয়ন কমিটির পক্ষ থেকে ভারতের রেলমন্ত্রী, দক্ষিণ পূর্ব রেলের জেনারেল ম্যানেজার এবং খড়গপুর ডিভিশনের ডিআরএম-এর কাছে লিখিতভাবে আবেদন জানানো হয়েছে। পাশাপাশি এলাকার বিধায়ক ও সাংসদের কাছেও অনুরোধ জানানো হয়েছে, যাতে তাঁরাও রেল দপ্তরের কাছে একই দাবি উত্থাপন করেন।
বালিচক স্টেশন উন্নয়ন কমিটির যুগ্ম সম্পাদক কিংকর অধিকারী ও বিশ্বজিৎ ভূঁইয়া জানান, বালিচকের মতো গুরুত্বপূর্ণ স্টেশনকে উন্নয়নের মূল স্রোতের বাইরে রাখা অত্যন্ত হতাশাজনক। দ্রুত এই স্টেশনকে ‘অমৃত ভারত স্কিম’-এর অন্তর্ভুক্ত করা হলে যাত্রী পরিষেবা ও এলাকার সামগ্রিক উন্নয়ন অনেকটাই ত্বরান্বিত হবে বলে তাঁরা আশাবাদি।