বিশ্বনাথ চক্রবর্তী , পশ্চিম মেদিনীপুর: মাত্র ৩৮ বছর বয়সেই থেমে গেল জীবন। দীর্ঘদিন ক্যানসারে আক্রান্ত থাকার পর মৃত্যু হল দাসপুর থানার এক সিভিক ভলান্টিয়ারের। মৃতের নাম মানস সাউ। পলাইপাই গ্রামের বাসিন্দা মানসের মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই ক্যানসারের চিকিৎসা চলছিল তাঁর। বাইরে চিকিৎসার পর শারীরিক অবস্থার কিছুটা উন্নতিও হয়েছিল। কিন্তু রবিবার হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় পরিবারের সদস্যরা তাঁকে দ্রুত ঘাটাল হাসপাতালে নিয়ে যান।
হাসপাতালে চিকিৎসা চলাকালীন রাতের দিকে তাঁর মৃত্যু হয়।মানস সাউয়ের পরিবারে রয়েছেন স্ত্রী, দুই সন্তান এবং বৃদ্ধ মা। পরিবারের একমাত্র সদস্যের এমন আকস্মিক চলে যাওয়া স্বাভাবিকভাবেই তাঁদের কাছে বড় ধাক্কা।এদিকে, কয়েক মাসের ব্যবধানে দাসপুর থানার তিনজন সিভিক ভলান্টিয়ারের মৃত্যু ঘিরে নতুন করে শোকের আবহ তৈরি হয়েছে পুলিশ মহলে। একের পর এক সহকর্মীকে হারানোর ঘটনায় দাসপুর থানার সিভিক ভলান্টিয়ারদের মধ্যেও নেমে এসেছে বিষণ্ণতা।
