তারক হরি, পশ্চিম মেদিনীপুর:
মেদিনীপুর শহরের জেলা পরিষদে অনুষ্ঠিত হল SC-ST Hub-এর বিশেষ কর্মসূচি। তফসিলি জাতি ও উপজাতি সম্প্রদায়ের উদ্যোক্তাদের ব্যবসায়িক ক্ষেত্রে এগিয়ে দিতে বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধা এবং আর্থিক সহায়তার বিষয়ে বিস্তারিতভাবে অবহিত করা হয় এদিনের অনুষ্ঠানে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেশিয়াড়ি বিধানসভার বিধায়ক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, ইউকো ব্যাঙ্ক ও HDFC ব্যাঙ্কের ম্যানেজাররা। এছাড়াও উপস্থিত ছিলেন MSME-এর দুর্গাপুর জোনাল ম্যানেজার, SC-ST Hub-এর কলকাতা জোনাল ম্যানেজার-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।

কর্মসূচিতে উদ্যোক্তাদের বিভিন্ন প্রশাসনিক কাজেও সহায়তা করা হয়। যাঁদের Udyam Aadhaar রেজিস্ট্রেশন ছিল না, তাঁদের রেজিস্ট্রেশনের ব্যবস্থা করা হয়। পাশাপাশি MSME রেজিস্ট্রেশন এবং GeM সার্টিফিকেটের প্রয়োজনীয় প্রক্রিয়াতেও সহযোগিতা করা হয়েছে।
ব্যবসার পরিধি বাড়াতে ব্যাঙ্ক ঋণের সুযোগ নিয়েও আলোচনা হয়। সরকারি ভর্তুকিযুক্ত ঋণ নেওয়ার জন্য উদ্যোক্তাদের উৎসাহিত করা হয়। একইসঙ্গে সরকারি প্রকল্পের সুবিধা কাজে লাগিয়ে কীভাবে নিজেদের ব্যবসাকে আরও এগিয়ে নিয়ে যাওয়া যায়, সেই বিষয়েও পরামর্শ দেওয়া হয়।
অনুষ্ঠানে সরকারি ব্যবস্থাপনায় SC-ST উদ্যোক্তাদের জন্য থাকা ৪ শতাংশ সংরক্ষণের বিষয়টিও তুলে ধরা হয়। পাশাপাশি সরকারি সহযোগিতার মাধ্যমে বড় বড় সংস্থার সঙ্গে ব্যবসায়িকভাবে যুক্ত হওয়ার সম্ভাবনা সম্পর্কেও উদ্যোক্তাদের অবগত করা হয়। কর্মসূচির মূল লক্ষ্য ছিল সরকারি সুযোগ-সুবিধাকে কাজে লাগিয়ে SC-ST সম্প্রদায়ের ব্যবসায়ীদের স্বনির্ভরতা ও ব্যবসায়িক উন্নতির পথ আরও সহজ করা।
