বাবলু বন্দ্যোপাধ্যায়। তমলুক :- দক্ষিণ পূর্ব রেলওয়ের ভোগপুর লেবেল ক্রসিং তুলে দেওয়া সহ প্রহরীদের গুমটি ভাঙার সিদ্ধান্ত বুধবার কার্যকর করার পরিপ্রেক্ষিতে বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে। ওই পরিপ্রেক্ষিতে গুমটি ভাঙা আপাতত স্থগিত করে দেওয়া হয়েছে বলে জানা গেছে। দুপুরে ভোগপুর স্টেশন লেভেল ক্রসিং নির্মাণ ও উন্নয়ন কমিটি এবং রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে স্টেশন ম্যানেজারের নিকট বিক্ষোভ-ডেপুটেশন দেওয়া হয়। রেল দপ্তর সূত্রে জানা গেছে,দক্ষিণ পূর্ব রেলওয়ের জেনারেল ম্যানেজার অফিসের নির্দেশে অনুসারে সকাল ন’টা থেকে ঐ সিদ্ধান্ত কার্যকরী করতে খড়গপুর ডিভিশনের কোলাঘাট সেকশনের পি ডব্লিউ আই বেলা ১০ টা নাগাদ লেভেল ক্রসিং স্থলে উপস্থিত হয়ে ক্রসিংয়ের পাশেই প্রহরীদের বসার জন্য যে গুমটি ছিল,সেই গুমটি ভাঙার প্রস্তুতি নেন।
বিষয়টি জানাজানি হতেই লেভেল ক্রসিং নির্মাণ ও উন্নয়ন কমিটি,রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশন,নাগরিক সুরক্ষা কমিটির নেতৃবৃন্দ ক্রসিংস্থলে উপস্থিত হয়ে আধিকারিককে ঘিরে বিক্ষোভ প্রদর্শন করেন। পরে কমিটির পক্ষ থেকে খড়গপুরের ডি.আর.এম.’র উদ্দেশ্যে স্টেশন ম্যানেজারের মাধ্যমে ডেপুটেশন ও স্মারকলিপি পেশ করা হয়। প্রতিনিধিদলে ছিলেন লেবেল ক্রসিং নির্মাণ কমিটির পক্ষে যুগ্ম সম্পাদক বানেশ্বর নাটুয়া ও চন্দন সামন্ত,প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের পক্ষে সমীর সামন্ত প্রমূখ। প্রসঙ্গত উল্লেখ্য,ওই লেভেল ক্রসিং সংলগ্ন স্থানেই রয়েছে ভোগপুর কেনারাম উচ্চ বিদ্যালয়।
ওই অংশ দিয়ে কোলাঘাট ব্লকের ভোগপুর-সাগরবাড়-দেড়িয়াচক-সিদ্ধা ১ এবং পাঁশকুড়া ব্লকের খন্ডখোলা গ্রাম পঞ্চায়েত এলাকার কয়েক হাজার মানুষ প্রত্যহ যাতায়াত করেন। ওই লোকজনেরা ওই স্থানে লেভেল ক্রসিং নতুবা আন্ডারপাস নির্মাণের দাবীতে দীর্ঘদিন ধরে আন্দোলন চালাচ্ছেন। বহু আন্দোলনের পর সবশেষে রেল দপ্তর জনগণের দাবীকে মান্যতা দিয়ে ওই স্থানে একটি চওড়া আন্ডারপাস নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে।
এরই মধ্যে হঠাৎ করে জনসাধারণকে না জানিয়ে ওই লেভেল ক্রসিং প্রহরী যুক্ত গুমটি ভেঙে দিয়ে প্রহরী তুলে নেওয়ার সিদ্ধান্তে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে। রেল দপ্তর সূত্রে আরো জানা গেছে, ওই স্টেশন সংলগ্ন স্থান দিয়ে বন্দে ভারত সহ সমস্ত এক্সপ্রেস-লোকাল-মালগাড়ির গতি নিয়ন্ত্রণ করে ৩০ কিলোমিটার বেগে চালানোর কথা বলা হয়েছে।লেবেল ক্রসিং নির্মাণ কমিটির সহ-সভাপতি মধুসূদন বেরা বলেন,স্থানীয় জনসাধারণ বা নির্বাচিত জনপ্রতিনিধি কারুর সাথে কথা না বলে হঠাৎ করে এই সিদ্ধান্ত নেওয়ায় আমরা হতবাক।
এই সিদ্ধান্তে দুর্ঘটনা কমবে না তো বটেই বরং আরো দুর্ঘটনা বাড়ার সম্ভাবনা রয়েছে।প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের পক্ষে সমীর সামন্ত বলেন, ওই স্বল্প বেগে একটি মালগাড়ি চলাচলের সময় অনেকক্ষণ ধরেই যাতায়াত বন্ধ রাখতে হবে। তাতে আরও সমস্যা বাড়বে। নাগরিক সুরক্ষা কমিটির মুখপাত্র নারায়ণ চন্দ্র নায়ক বলেন,আমরা কোনভাবেই নাগরিকদের সুরক্ষার ব্যাপারটা লঘু করে দেখতে পারি না। রেল দপ্তর অবিলম্বে প্রহরী যুক্ত গুমটি রেখেই যতক্ষণ না আন্ডারপাস নির্মাণ হচ্ছে,ততক্ষণ নাগরিকদের চলাচলের বিষয়টি নিশ্চিত করুক।
