এিদিব ঘোষ পূর্ব বর্ধমান:- পূর্ব বর্ধমানের কালনা থেকে চরম সংকটজনক অবস্থায় শিশুটিকে রেফার করা হয়েছিল বর্ধমান হাসপাতালে। বৃহস্পতিবার রাত প্রায় ১১টা নাগাদ তাকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসে তার পরিবারের সদস্যরা। দ্রুত পরীক্ষা করে চিকিৎসকেরা জানতে পারেন, শিশুটির শ্বাসনালিতে আটকে রয়েছে একটি চিনেবাদাম। তৎক্ষণাৎ সময় নষ্ট না করে গভীর রাতেই জরুরি অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন কর্তব্যরত চিকিৎসকেরা। জানা গেছে, শিশুটির শ্বাসকষ্ট অত্যন্ত বেশি থাকায় দ্রুত তার শারীরিক পরীক্ষা ও সিটি স্ক্যান করানো হয়।
স্ক্যান রিপোর্টে ধরা পড়ে শ্বাসনালিতে কোনো বস্তু আটকে রয়েছে। ঝুঁকি এড়াতে মধ্যরাতেই শিশুটিকে দ্রুত ইএনটি অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। জেনারেল অ্যানাস্থেশিয়া দিয়ে ‘রিজিড ব্রঙ্কোস্কোপি’ নামক জটিল পদ্ধতির সাহায্যে অত্যন্ত সতর্কতার সঙ্গে শ্বাসনালি থেকে চিনেবাদামটি নিরাপদে বের করে আনা সম্ভব হয়। এই সফল অস্ত্রোপচারে অংশ নেন চিকিৎসক ঋতম রায়, অসীম সরকার সহ বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল।
চিকিৎসকদের দাবি, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত ও তৎপরতার কারণেই শিশুটিকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এ জাতীয় ক্ষেত্রে সামান্য বিলম্বও মারাত্মক বিপদ ডেকে আনতে পারত। হাসপাতাল সূত্রে খবর, সফল অস্ত্রোপচারের পর শিশুটি বর্তমানে সুস্থ ও বিপদমুক্ত রয়েছে।
