জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা। টায়ার ফেটে পরপর একাধিক লরি-কন্টেনারের সংঘর্ষ !!

এখনই শেয়ার করুন

এিদিব ঘোষ পূর্ব বর্ধমান:- শুক্রবার দুপুরে ১৯ নম্বর জাতীয় সড়কে বর্ধমানের রেনেসাঁ টাউনশিপের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে একের পর এক লরি ও কন্টেনারের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এই দুর্ঘটনায় লরি ও কন্টেনারের চালক এবং খালাসি গুরুতর আহত হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার দুপুরে জাতীয় সড়ক ধরে দ্রুত গতিতে যাওয়ার সময় হঠাৎই একটি কন্টেনারের টায়ার ফেটে যায়।

চাকা ফেটে যাওয়ায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং গাড়িটি সজোরে সামনে থাকা একটি লরির পিছনে ধাক্কা মারে। ধাক্কার তীব্রতা এতটাই বেশি ছিল যে, তার পেছনে থাকা আরও একটি গাড়িও নিয়ন্ত্রণ রাখতে না পেরে পরপর সংঘর্ষে জড়িয়ে পড়ে। দুর্ঘটনার পর বিকট শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা এবং জাতীয় সড়কে টহলরত পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। দুর্ঘটনাগ্রস্ত গাড়িগুলি থেকে গুরুতর আহত অবস্থায় লরি ও কন্টেনারের চালক ও খালাসিদের উদ্ধার করা হয়।

তাঁদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দ্রুত বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। বর্তমানে সেখানেই তাঁদের চিকিৎসা চলছে। এদিকে, ব্যস্ততম ১৯ নম্বর জাতীয় সড়কে পরপর একাধিক গাড়ির সংঘর্ষের ফলে কিছুক্ষণের জন্য যান চলাচল স্তব্ধ হয়ে যায় এবং তীব্র যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বর্ধমান পুলিশ। তারা দ্রুত ক্রেন এনে ক্ষতিগ্রস্ত গাড়িগুলিকে সড়ক থেকে সরিয়ে নেওয়ার ব্যবস্থা করে। পুলিশি তৎপরতায় দুর্ঘটনা কবলিত গাড়িগুলি সরানোর পর জাতীয় সড়কে পুনরায় যান চলাচল স্বাভাবিক হয়।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *