তারক হরি, পশ্চিম মেদিনীপুর: থমকে থাকা বালিচক ফ্লাইওভারের কানেক্টিং কাজ ফের শুরু করার দাবিতে এবার সরাসরি আলোচনায় বসলেন ডেবরার বিধায়ক ও বালিচক স্টেশন উন্নয়ন কমিটির প্রতিনিধিরা। রেল ও পিডব্লিউডির আধিকারিকদের উপস্থিতিতে হওয়া বৈঠকে কাজ পুনরায় শুরুর প্রক্রিয়া দ্রুত এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।বৈঠকে উপস্থিত ছিলেন ডেবরা বিধানসভার বিধায়ক শুভাশিষ ওম।
তাঁর পাশাপাশি বালিচক স্টেশন উন্নয়ন কমিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ ভূঁইয়া এবং কিংকর অধিকারী,অবসরপ্রাপ্ত শিক্ষিকা অপর্ণা পন্ডা, স্বপন মহাপাত্র, এস কে বেরা, শিবু দাস।এদিন রেলের খড়্গপুর ডিভিশনের ডিআরএম, ডেপুটি চিফ ইঞ্জিনিয়ার (কনস্ট্রাকশন) আশুতোষ আনন্দ, সিনিয়র ডিওএম, সিনিয়র ডিসিএম এবং পিডব্লিউডির এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার গৌরাঙ্গ হালদার বৈঠকে ছিলেন।জানা গিয়েছে,বৈঠকে মূলত রেললাইনের উপর দিয়ে কাজের জন্য প্রয়োজনীয় রেল ব্লক পাওয়ার বিষয়টি নিয়ে আলোচনা হয়। সিদ্ধান্ত হয়েছে, আগামী সপ্তাহে পিডব্লিউডি দফতর রেলের কাছে লিখিতভাবে ব্লকের আবেদন করবে।

এরপর রেলের সংশ্লিষ্ট আধিকারিকরা সেই আবেদন দ্রুত গার্ডেনরিচের জেনারেল ম্যানেজারের দফতরে অনুমোদনের জন্য পাঠাবেন। নভেম্বরের শেষের দিকে প্রয়োজনীয় ব্লক পাওয়ার চেষ্টা চলছে বলে বৈঠকে জানানো হয়েছে।উল্লেখ্য, বালিচক ফ্লাইওভারের কানেক্টিং অংশের কাজ আগে থমকে যাওয়ায় স্থানীয়ভাবে উদ্বেগ তৈরি হয়েছিল। এবার কাজ পুনরায় শুরু করার প্রক্রিয়ায় বিধায়ক থেকে প্রশাসন, রেল এবং স্থানীয় প্রতিনিধিদের সমন্বয়কে গুরুত্ব দেওয়া হচ্ছে। স্টেশন উন্নয়ন কমিটির প্রতিনিধিরা বৈঠকে দ্রুত কাজ এগিয়ে নিয়ে যাওয়ার পাশাপাশি নির্মাণকাজে নিরাপত্তা ও গুণগত মান বজায় রাখার বিষয়টিও তুলে ধরেন।
বালিচক ফ্লাইওভারের দু’দিকের সার্ভিস রোড নিয়েও বৈঠকে আলোচনা হয়। আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হলেই ওই রাস্তাগুলি মেরামতের কাজ করা হবে বলে পিডব্লিউডির পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে।এখন পিডব্লিউডির লিখিত আবেদন এবং রেলের অনুমোদনের প্রক্রিয়ার দিকে নজর রয়েছে। রেল ব্লক পাওয়া গেলে থমকে থাকা কানেক্টিং কাজ ফের কত দ্রুত মাঠে নামে, সেদিকেই তাকিয়ে বালিচকবাসী।
