তারক হরি, পশ্চিম মেদিনীপুর:- সারা বছরের পরিশ্রমের ফসল ঘরে তোলার অপেক্ষায় ছিলেন কৃষকরা। কিন্তু ধান কাটার ব্যস্ত মরশুমেই আবহাওয়ার বিরূপ পরিস্থিতি তাঁদের সেই প্রস্তুতিত বাধা হয়ে দাঁড়িয়েছে। ঘূর্ণিঝড় ‘আকভান’-এর সম্ভাব্য প্রভাবের আশঙ্কার মধ্যেই বৃহস্পতিবার সকাল থেকে বৃষ্টি শুরু হওয়ায় উদ্বেগ বেড়েছে পশ্চিম মেদিনীপুরের কৃষিপ্রধান এলাকাগুলিতে। বিশেষ করে পিংলার মিঞ্যাচক এলাকার চাষিরা কাটা ধান শুকনো করা এবং পাকা ফসল রক্ষা করা নিয়ে চরম দুশ্চিন্তায় পড়েছেন।এলাকার বহু জমিতে ইতিমধ্যেই ধান কাটার কাজ শুরু হয়েছে। শ্রমিক দিয়ে হাতে ধান কাটা থেকে শুরু করে হারভেস্টার মেশিনের সাহায্যে ফসল তোলা, দুই পদ্ধতিতেই কাজ চলছিল।
কিন্তু বৃষ্টি সেই কাজে ছন্দপতন ঘটিয়েছে। যাঁরা হাতে ধান কেটেছেন, তাঁদের ফসল এখনও জমিতেই পড়ে রয়েছে। বৃষ্টিতে সেই ধান ভিজে যাওয়ায় তা দ্রুত শুকনো করে ঘরে তোলার চিন্তা তৈরি হয়েছে। যন্ত্রে ধান কাটার পর যাঁরা ফসল শুকনো করার প্রস্তুতি নিচ্ছিলেন, তাঁরাও রোদের অভাবে সমস্যায় পড়েছেন। কৃষকদের আশঙ্কা, বৃষ্টি আরও বাড়লে ক্ষতির পরিমাণ অনেকটাই বেড়ে যেতে পারে। জমিতে পড়ে থাকা কাটা ধানের পাশাপাশি মাঠে এখনও দাঁড়িয়ে থাকা পাকা ফসলও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। ফলে ধান কাটার কাজ দ্রুত শেষ করা এবং কাটা ফসল নিরাপদে রাখার মধ্যে কার্যত সময়ের সঙ্গে লড়াই করতে হচ্ছে তাঁদের।ধানের পাশাপাশি সব্জি চাষ নিয়েও উদ্বেগ রয়েছে।
ফুলকপি ও শসা-সহ বিভিন্ন সব্জির জমিতে বৃষ্টির প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছেন চাষিরা। তাঁদের বক্তব্য, আগের ঘূর্ণাবর্তের জেরে হওয়া বৃষ্টির ক্ষতি এখনও সামলে ওঠা যায়নি। তার মধ্যেই নতুন করে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা দেখা দেওয়ায় চাষের খরচ ও উৎপাদন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। আবহাওয়ার এই পরিবর্তনের প্রভাব পড়েছে দিনমজুরদের উপরেও। সকালে কাজের আশায় বাড়ি থেকে বেরিয়েও বৃষ্টির কারণে অনেক শ্রমিককে ফিরে যেতে হচ্ছে। ফলে কৃষিকাজের পাশাপাশি দৈনিক রোজগারেও বাধা তৈরি হয়েছে।পিংলা ছাড়াও সবং ও ডেবরা-সহ জেলার বিভিন্ন এলাকায় বৃষ্টির খবর মিলেছে। ঘূর্ণিঝড় ‘আকভান’-এর সম্ভাব্য প্রভাব কতটা পড়বে, তা নিয়ে উদ্বেগের মধ্যেই এখন আবহাওয়ার উন্নতির অপেক্ষায় রয়েছেন কৃষকরা। তাঁদের আশঙ্কা, সময়মতো পাকা ধান ঘরে তুলতে না পারলে এক মরশুমের পরিশ্রম বড়সড় ক্ষতির মুখে পড়তে পারে।

