তারক হরি, বিশেষ প্রতিবেদন :- বাংলা বিজেপির সাংগঠনিক দায়িত্ব সামলানোর পর এবার কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। দলীয় সূত্রে খবর, আগামী সপ্তাহে সম্ভাব্য কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদলে পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন তিনি। আগামী ২৩ নভেম্বর তাঁর শপথগ্রহণের সম্ভাবনা নিয়েও জল্পনা তৈরি হয়েছে।জানা গিয়েছে, গত বুধবার রাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনে বিজেপির শীর্ষ নেতৃত্বের বৈঠকে নতুন মন্ত্রীদের সম্ভাব্য তালিকা নিয়ে আলোচনা হয়।
সেই তালিকায় শমীক ভট্টাচার্যের নাম রয়েছে বলে সূত্রের দাবি। তবে তাঁকে কোন মন্ত্রকের দায়িত্ব দেওয়া হতে পারে, তা এখনও স্পষ্ট নয়। ২০২৫ সালের ৩ জুলাই বঙ্গ বিজেপির রাজ্য সভাপতির দায়িত্ব গ্রহণ করেছিলেন শমীক ভট্টাচার্য। এবার কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা পেলে বিজেপির ‘এক ব্যক্তি এক পদ’ নীতি অনুযায়ী তাঁকে রাজ্য সভাপতির পদ ছাড়তে হতে পারে। সেক্ষেত্রে পরবর্তী রাজ্য সভাপতি কে হবেন, তা নিয়েও শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা। এই আবহে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দিল্লি সফর এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে তাঁর বৈঠক ঘিরেও আলোচনা শুরু হয়েছে। যদিও রাজ্য বিজেপির নেতৃত্বের তরফে এই বিষয়ে এখনও কোনও স্পষ্ট প্রতিক্রিয়া মেলেনি।
