বিজয়ার শুভেচ্ছা বিনিময়ে জেলা পুলিশের বিশেষ আয়োজন, সম্মানিত জেলার সেরা চার পুজো কমিটি !!

এখনই শেয়ার করুন

নিজস্ব প্রতিনিধি , পশ্চিম মেদিনীপুর :- দুর্গাপুজোর ব্যস্ততা পেরিয়ে বিজয়ার আনন্দ ভাগ করে নিতে একত্রিত হলেন পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের আধিকারিক, কর্মী ও তাঁদের পরিবারের সদস্যরা। রবিবার, ১ নভেম্বর জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত হল বিজয়া সম্মিলনী ও সম্মাননা অনুষ্ঠান। পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি অনুষ্ঠানে উঠে এল সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা। উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ জেলা পুলিশ সুপার পাপিয়া সুলতানা সহ একাধিক আধিকারিক ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গেরা।

পুলিশের পেশাগত দায়িত্ব ও কর্মব্যস্ততার বাইরে পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটানোর সুযোগ করে দিতেই এই আয়োজন। অনুষ্ঠানে পুলিশকর্মীদের পরিবারের সদস্যদের উপস্থিতিতে তৈরি হয় এক আনন্দঘন পরিবেশ। উপস্থিত সকলের জন্য ছিল খাবারের বিশেষ ব্যবস্থা। এদিন দুর্গাপুজোয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা জেলার বিভিন্ন পুজো কমিটির কর্মকর্তাদেরও আমন্ত্রণ জানানো হয়।

তাঁদের সংবর্ধনা দেওয়ার পাশাপাশি পুজোর সাফল্যের স্বীকৃতি হিসেবে সেরা চারটি পুজো কমিটিকে আর্থিক পুরস্কার প্রদান করা হয়। জেলা পুলিশের এই উদ্যোগে একদিকে যেমন পুলিশকর্মীদের পারিবারিক বন্ধন ও সহকর্মীদের মধ্যে সৌহার্দ্য বাড়ানোর বার্তা উঠে আসে, অন্যদিকে দুর্গাপুজোর আয়োজকদের কাজের স্বীকৃতিও দেওয়া হয়। বিজয়ার আবহে এই সম্মিলনী হয়ে ওঠে পুলিশ পরিবার ও পুজো উদ্যোক্তাদের এক মিলনমেলা।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *